ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, সরকার প্রয়োজনে ভোজ্য তেলের মতো অন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর থেকেও আমদানি শুল্ক প্রত্যাহার করবে। এ ব্যাপারে করণীয় নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রয়োজনে ভোজ্য তেলের মতো রপ্তানিযোগ্য অন্য খাদ্য সামগ্রীর রপ্তানিও নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে বলে জানান তিনি।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাজার পর্যবেক্ষণে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।
হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে এ বৈঠকে বাণিজ্য সচিব ফিরোজ আহম্মেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ড ও ট্রেডিং করপোরেশনের (টিসিবি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বিশেষ আমন্ত্রণে এ বৈঠকে যোগ দেন।
বাণিজ্য উপদেষ্টা জানান, সরকার দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ভোজ্য তেলের আমদানি শুল্ক হ্রাস ও এর রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে বাজারে ভোজ্য তেলের দাম কিছুটা হলেও কমেছে।
তিনি জানান, বাজার ব্যবস্থাপনায় নজরদারির জন্য বিডিআরকে দায়িত্ব দেয়া হয়েছে। বিডিআর গত সপ্তাহে চট্টগ্রামে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে। আগামী সপ্তাহে ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে।
বাজার পর্যবেক্ষণ কমিটির বৈঠক প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, "আন্তর্জাতিক বাজারে ডালের দাম বাড়ার কথা উল্লেখ করে সভায় দেশীয়ভাবে ডালের উৎপাদন বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে।"
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্ষতিগ্রস্ত সীমিত আয়ের মানুষের জন্য অস্থায়ী ভিত্তিতে রেশন কার্ড ও কমমূল্যে খাবার সরবরাহ করা যেতে পারে।
তিনি বলেন, "বৈঠকে ব্যবসায়ীদের ওপর নৈতিক চাপ সৃষ্টি করে বাজার নিয়ন্ত্রণের জন্য উপদেষ্টাকে পরামর্শ দিয়েছি। যাতে ব্যবসায়ীরা যৌক্তিক মুনাফার বাইরে কিছু করতে না পারে। এ জন্য তাদের ওপর কঠোর নজরদারি করতে হবে। তবে তারা যেন যৌক্তিক মুনাফা করতে পারে, সেদিকেও সরকারকে খেয়াল রাখতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24