২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিব মতিনসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুল মতিন চৌধুরী এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আব্দুল মালেকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুল মতিন চৌধুরী এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আব্দুল মালেকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তার কারণ আগামী ৭ এপ্রিল আদালতে সশরীরে হাজির হয়ে জানাতে হবে ওই দুই কর্মকর্তাকে। শ্রম ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর প্রকল্প কর্মচারী আবদুল আউয়ালের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবিরের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। প্রকল্প থেকে রাজস্ব বাজেটে আত্মীকরণের দাবিতে আবদুল আউয়ালসহ ৫৪ জন কর্মকর্তা-কর্মচারীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৫ সালের ২০ অক্টোবর তিন মাসের মধ্যে তাদেরকে রাজস্ব খাতে আত্মীয়করণসহ বকেয়া বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেয়। ওই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলেও আদালত গত ২১ জানুয়ারি তা খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখে। কিন্তু হাইকোর্ট ও আপিল বিভাগের রায় অনুযায়ী আবদুল আউয়ালসহ ৫৪ জনকে রাজস্ব খাতে আত্মীকরণ না করায় সচিব আবদুল মতিন চৌধুরী ও মহাপরিচালক আবদুল মালেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। আবদুল আউয়ালসহ ৫৪ জনের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২০১৪ ঘ.