ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার বাইরের ছয়টি আঞ্চলিক কেন্দ্র থেকে এফএম ব্যান্ডে বিবিসি'র বাংলা সংবাদ প্রচার করবে বাংলাদেশ বেতার।
বুধবার তথ্য মন্ত্রণালয়ে বিবিসি ও বাংলাদেশ বেতারের মধ্যে এ ব্যাপারে তিন বছর মেয়াদী একটি চুক্তি হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, এ চুক্তির অধীনে প্রতিদিন সকাল সাড়ে ছয়টা, সাড়ে সাতটা, সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০টায় বাংলাদেশ বেতারের চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও কুমিল্লা কেন্দ্র থেকে এফএম ব্যান্ডে বিবিসি'র বাংলা সংবাদ প্রচার করা হবে। এর বিনিময়ে বিবিসি প্রতি বছর বাংলাদেশ বেতারকে ৬৫ লাখ টাকা দেবে।
এছাড়া বেতারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে বিবিসি।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. মাহবুবুল আলম ও বিবিসি'র এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নেইল কারি এই চুক্তিতে সই করেন।
তথ্য সচিব জামিল ওসমান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. মামুনুর রশীদ চৌধুরী, প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন, যুগ্ম সচিব কামালউদ্দিন আহমেদ, বিবিসি বাংলা সার্ভিসের প্রধান সাব্বির মোস্তফা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিবিসি'র সঙ্গে বাংলাদেশ বেতারের আরেকটি চুক্তির আওতায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার শ্রোতারা প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা ও বিকেলে ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত এফএম ব্যান্ডে বিবিসির অনুষ্ঠান শুনতে পাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএআর/জেকে/১৮৫৯ ঘ.
bdnews24