আমিনুল ইসলাম খান রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিরাজগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশকে শত্র"মুক্ত করতে একাত্তরে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন সংসার বিরাগী ধুল্লী বাবাজী। এখন দেশ ও সমাজের প্রতি তার রয়েছে এক ধরনের ক্ষোভ। অভিমানী এ মুক্তিযোদ্ধা সনদও তোলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আমিনুল ইসলাম খান রানাকে বললেন, দেশ স্বাধীন হয়েছে ঠিকই। কিন্তু আজও বাংলার মাটি থেকে অভাব ও গরিবদের অবহেলা দূর হয়নি। তাই আমার মতো পাগলদের তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাওয়াটাই ভালো।
ধুল্লী বাবাজীর পৈত্রিক বাড়ি ছিল সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া গ্রামে। কিন্তু বর্তমানে শহরের নিউমার্কেট কাপড়ের হাটের এক ঝুপড়িতে বাবাজীর আস্তানা। বাবা নিজাম উদ্দীন মারা গেছেন বহু আগে। ১০ ভাই-বোনের সংসারে ধুল্লী ছিলেন পঞ্চম।
দরিদ্র পরিবারের সন্তান ধুল্লী বাবাজীর পড়াশোনা হয়নি। একাত্তরে তার বয়স ছিল ২৬/২৭ বছর। মার্চে পাকিস্তানি সেনারা আক্রমণ শুরু করলে ধুল্লী বাবাজীও ক্ষুব্ধ হন। সে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে যুদ্ধে যাওয়ার মধ্য দিয়ে।
"চারিদিকে খান (পাকিস্তানি) সেনা, বিহারি আর রাজাকারদের অত্যাচার এবং মা-বোনদের ওপর নির্যাতন দেখে আর বসে থাকতে পারিনি। ওই সময়কার পলাশডাঙ্গা যুব শিবিরের যুদ্ধকালীন কমান্ডার আব্দুল লতিফ মির্জার হাত ধরে মুক্তিযুদ্ধে নেমে পড়ি। অস্ত্র চালনা শিখি ওস্তাদ গাজী লুৎফর রহমান অরুণের কাছে।"
ভারতে প্রশিক্ষণ নেননি ধুল্লী বাবাজী। দেশে প্রশিক্ষণ নিয়েই সিরাজগঞ্জ ও নওগাঁ জেলায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে অংশ নেন তিনি।
ধুল্লী জানান, যুদ্ধের পর পছন্দ মতো কোনও কাজ না পেয়ে শেষে সিরাজগঞ্জ শহরে রিকশা চালানো শুরু করেন। বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে কুলি-মজুরের কাজও করেছেন। এরপর ১৯৮৬ সাল থেকে টানা ১০ বছর ৪০০ টাকা বেতনে পৌর নিউমার্কেট কাপড়ের হাটে ঝাড়ুদারের কাজ করেন। কিন্তু সিদ্ধি সেবনের কারণে ১৯৯৬ সালে তার সে চাকরিটি চলে যায়। এখন ভিক্ষাবৃত্তি করেই দিন চলে ধুল্লী বাবাজীর। অভাব-অনটনের কারণে ৬৫ বছর বয়সী শরীরও ভেঙে পড়েছে। অতিরিক্ত গাজা সেবনের ফলে শরীরের সবগুলো হাড় এখন গোনা যায়।
কীভাবে দিন চলছে- জানতে চাইলে বলেন, "আল্লাহ যখন যা মাপায় তাই খাই। ভাগ্যে জুটলে খাই, না জুটলে খাই না। কেউ যদি ৫/১০ টাকা সাহায্য করে, তাহলে তা দিয়ে ভাত-রুটি খাই। তবে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় মানুষের সাহায্য করার ইচ্ছে এখন কইম্যা গ্যাছে।"
মুক্তিযোদ্ধা সনদ তোলেননি, তাই ভাতাও পান না ধুল্লী বাবাজী। স্বাধীনতার পর তৎকালীন নেতাদের কেউ বলেছিল, 'যারা ভারতে ট্রেনিং নেয়নি, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয়'- এ অভিমানে সনদ তুলতে যাননি ধুল্লা বাবাজী।
ধুল্লী বাবাজী যে এক জন মুক্তিযোদ্ধা তা সিরাজগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত চেয়্যারম্যান গোলাম রহিম খানও জানেন না। তার চাকরিচ্যুতির বিষয়ে বললেন, "হাট কমিটির লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ধুল্লী বাবাজীকে চাকরিচ্যুত করা হয়েছে।"
সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার গাজী আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যদিও ধুল্লী মাস্তান ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত নয়; তবে সে দেশে প্রশিক্ষণ নিয়েই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে।
তিনি বলেন, "কী যেন এক অভিমানে সে আমাদের সঙ্গে দেখা করে না।"
স্বাধীনতার ৩৭ বছরে এসে ধুল্লী বাবাজীর অভিমান আর ক্ষোভ প্রশমিত হয়নি।
বললেন, "দেশকে শোষণ আর নিপীড়ণের অভিশাপ থেকে মুক্ত করার জন্য অস্ত্র হাতে নিয়েছিলাম। দেশ স্বাধীন হয়েছে ঠিকই। কিন্তু আজও বাংলার মাটি থেকে অভাব ও গরিবদের অবহেলা দূর হয়নি।"
তাই এখন তার উপলব্ধি- ""দুনিয়া একখান গারদ খানা! তাই আমার মতন পাগল যারা তাদের আর বাঁচনের ইচ্ছে হয় না। যত তাড়াতাড়ি চইলা যাওনডাই ভালা। যাগরে ম্যালা ট্যাহা আছে, তারা মালুম করছে না; আর যাগরে ট্যাহা নাই তাগরে শুধু কষ্ট।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৯ ঘ.
bdnews24