২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন

সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে মঙ্গলবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নূর মোহাম্মদ নগর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

নড়াইল, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে মঙ্গলবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নূর মোহাম্মদ নগর। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নামে প্রতিষ্ঠিত কলেজ ক্যাম্পাসে নির্মিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী বীর প্রতীক ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী ফজিলাতুনন্নেছা। এ উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সি এস করিম। উপদেষ্টা বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে প্রতিষ্ঠিত স্কুল ও কলেজটি এমপিও ভুক্ত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আবু ওসমান চৌধুরী বলেন, বীরশ্রেষ্ঠরা ছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তান। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের একজন বীর যোদ্ধা ছিলেন। সে জন্য সেক্টর কমান্ডার হিসেবে তিনি গর্ব বোধ করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই ছিল স্বাধীনতা সংগ্রামের মূল ঘোষণা। খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শেখ খুরশীদ আলম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলে গোলাম মোস্তফা, বাংলাদেশ রাইফেলস এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, জেলা প্রশাসক মো. আব্দুল কাইউম সরদার, নড়াইল যৌথবাহিনীর অধিনায়ক লে. কর্নেল আবুল ফজল মো. সানাউল্লাহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ভাই মো. মঞ্জুর রহমান, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর ভাই মুন্সী মো. আইয়ুব আলী, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ছেলে বউ পারভীন আক্তার। এ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলা উদ্বোধন করেন উপদেষ্টা ড. সি এস করিম। বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং নড়াইল সিভিল সার্জনের সহযোগিতায় বীরশ্রেষ্ঠ ভ্রাম্যমাণ হাসপাতাল থেকে প্রায় পাচঁ শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৬ ঘ.