ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে ককটেল হামলার মামলায় সাবেক সেনা কর্মকর্তা ফারুক ও বজলুল হুদাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পঞ্চমবারের মতো পিছিয়েছে। আগামী ২৪ মার্চ অভিযোগ গঠনের নতুন তারিখ দিয়েছে আদালত।
নিরাপত্তার কারণে আসামিদের হাজির না করায় মঙ্গলবার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. ইসরাইল হোসেন অভিযোগ গঠনের নতুন তারিখ দেন।
আইন অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলা ১৩৫ কার্য দিবসের মধ্যে নিস্পন্ন করার কথা। এ ছাড়া অভিযোগ গঠন শুনানিতে আসামিদের সশরীরে আদালতে উপস্থিত থাকতে হয়।
চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর শাহীন আহমেদ খান জানান, মামলাটি যে উদ্দেশ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আনা হয়েছিল আসামিদের হাজির না করায় এখন তা ব্যাহত হচ্ছে।"
১৯৮৯ সালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে 'হত্যার উদ্দেশ্যে' ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে চালানো ককটেল হামলার ঘটনায় এ মামলাটি করা হয়।
সে বছরের ১৯ আগস্ট ধানমন্ডি থানায় দায়ের করা এই মামলার অভিযোগপত্রভুক্ত ১৬ আসামির মধ্যে বঙ্গবন্ধুর খুনি সৈয়দ ফারুক রহমান (কর্নেল ফারুক) ও বজলুল হুদাসহ জর্জ মিয়া, গোলাম সারওয়ার, ফ্রিডম সোহেল ও শাজাহান বর্তমানে কারাগারে রয়েছেন। এ ছাড়া খন্দকার আব্দুর রশিদ (কর্নেল রশিদ), জব্বার আহম্মদ, নাজমুল মাকসুদ, রেজাউল করিম খান ও মো. হুমায়ুন কবীর পলাতক রয়েছেন।
এ মামলায় জামিনে আছেন মিজানুর রহমান, হুমায়ুন কবির, খন্দকার আমিরুল ইসলাম ও গাজী ইমাম। মামলার অভিযোগপত্রভুক্ত অন্য আসামি গাজী লিয়াকত ওরফে কালা লিয়াকত মারা গেছেন।
১৯৯৭ সালে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তী কালে ২০০৭ সালের ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে স্থানান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএনডি/১৮৫৯ ঘ.
bdnews24