বাগেরহাট, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে খসড়া পুলিশ অধ্যাদেশ-২০০৭ এর উপর এক সভায় বক্তারা শক্তিশালী ও কার্যকর মানবাধিকার কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।
তারা বলেন, পুলিশ কমিশন গঠনের পূর্বশর্ত হিসেবে একটি স্বাধীন, শক্তিশালী ও কার্যকর মানবাধিকার কমিশন গঠন করা প্রয়োজন। তা না হলে দুর্র্নীতি ও রাজনৈতিক প্রভাবমুক্ত করার এই প্রচেষ্টার মধ্য দিয়ে পুলিশ বিভাগের স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হতে পারে।
মঙ্গলবার সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউণ্ডেশন মিলনায়তনে বাগেরহাট সদর থানার উদ্যোগে আয়োজিত কমিউনিটি কনসালট্যান্ট সভায় বক্তারা এ কথা বলেন।
১৮৬১ সালের পুলিশ আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তারা বলেন, প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ চূড়ান্ত করার আগে এর প্রতিটি বিষয় এমন ভাবে নির্বাচিত হওয়া উচিৎ যাতে কোন ধারা, উপধারা বা এর কোন একটি ক্ষুদ্র অংশ সংবিধান লঙ্ঘন বা উপেক্ষা না করে।
বাগেরহাটের পুলিশ সুপার একেএম শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহাদ হায়দার, বাগেরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর আলী বাবুৃ, আইনজীবী কাজী জাহাঙ্গীর হোসেন, জনতা ব্যাঙ্ক ডাকবাংলো শাখার ব্যবস্থাপক আবুল বাশার, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, মহিলা পরিষদের রেহানা আক্তার রিনু, বেসরকারি সংগঠন রূপান্তরের সহকারী কর্মসূচি কর্মকর্তা রিজিয়া পারভীন, সাপ্তাহিক খান জাহানের সম্পাদক আবু সাঈদ প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৩ ঘ.
bdnews24