২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পাসপোর্ট ফি আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজন গ্রেপ্তার

সোনালী ব্যাংক মানিকগঞ্জ শাখায় পাসপোর্ট ফি নিয়ে ক্যাশে জমা না করে ভূয়া রশিদের মাধ্যমে আত্মসাতের ঘটনায় রোববার রাতে এক ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জালিয়াতির ঘটনায় সোমবার অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মানিকগঞ্জ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংক মানিকগঞ্জ শাখায় পাসপোর্ট ফি নিয়ে ক্যাশে জমা না করে ভূয়া রশিদের মাধ্যমে আত্মসাতের ঘটনায় রোববার রাতে এক ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জালিয়াতির ঘটনায় সোমবার অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া জেলা পাসপোর্ট কার্যালয় ঘিরে নানা ধরনের দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মানিকগঞ্জের পুলিশ সুপার শেখ মো. মারুফ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোনালী ব্যাংক মানিকগঞ্জ শাখার ক্যাশিয়ার সুবল কুমার সুত্রধর, পিয়ন নজরুল ইসলাম, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার গাড়ি চালক হাসান আহম্মেদসহ ইকবাল ও রাজ্জাক নামে দুই দালালকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে জেলা পাসপোর্ট কর্মকর্তা চৌধুরি সামিয়া ইয়াসমিন সোমবার সদর থানায় মামলা করেছেন। জেলা প্রশাসক আতাউর রহমান বলেন, "মানিকগঞ্জে পাসপোর্ট কার্যালয় উদ্বোধন হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫ হাজার পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এর মধ্যে কতটা পাসপোর্ট জাল রশিদের মাধ্যমে বিতরণ হয়েছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।" তিনি জানান, শুধু রোববারের ঘটনাই নয় বেশ কিছু দিন ধরেই একটি চক্র ব্যাংকের সিলমোহর ও কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি অর্থ আত্মসাত করে আসছিল। তিনি আরও বলেন, নিশ্চিত হয়েই জড়িতদের কয়েক জনকে রোববার গ্রেপ্তার করা হয়। জেলা পাসপোর্ট অফিস সুত্রে জানা গেছে, পাসপোর্টের জন্য রোববার জেলার বিভিন্ন এলাকা থেকে ১১৩টি আবেদপত্র জমা পড়ে। এসব আবেদনপত্র যাচাই-বাছাইয়ের সময় সোনালী ব্যাংকের টাকা জমা দেওয়ার একই নম্বরের (১৭) দুইটি রশিদ পাওয়া যায়। এর একটি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাস্তা গ্রামের সালাম হোসেন (রশিদ নম্বর ৬৫৬৯৮৭) এবং অপরটি ঘিওর উপজেলার চৌবাড়িয়া গ্রামের আলাউদ্দিনের (রশিদ নম্বর ৪৩৯০৭৫)। বিষয়টি সোনালী ব্যাংক কর্মকর্তাদের জানানো হলে তারা আলাউদ্দিনের রশিদটি জাল বলে নিশ্চিত করেন। এই ঘটনার সূত্র ধরে রোববার জমা দেওয়া আবেদনপত্রের সঙ্গে আরও ১৫ টি একই রকম জাল রশিদ পাওয়া যায়। আলাউদ্দিন ছাড়াও প্রতারণার শিকার অন্যরা হলেন- সদর উপজেলার বরুন্ডী গ্রামের আজাদ হোসেন, তুষার, পূর্বদাশড়া গ্রামের সুনীল কুমার সাহা, ভাড়ারিয়া গ্রামের আওলাদ হোসেন, শিবালয়ের মধ্যানগর গ্রামের শহিদুল ইসলাম, সাটুরিয়ার হরগজ গ্রামের আল জাবেদ, লিটন, দৌলতপুরের চর কাটারি গ্রামের কামরুল হোসেন, সিংগাইর উপজেলার মাধবপুর গ্রামের কাজী কহিনুর, শাহিন, নয়াপাড়া গ্রামের সোহরাব, বাড্ডা গ্রামের আব্দুল করিম, ঘিওর উপজেলার বেগুন নারচি গ্রামের শামীম এবং হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রামের মনির হোসেন ও আন্ধারমানিক গ্রামের নিখিল হালদার। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জালিয়াতির মাধ্যমে রোববার প্রায় ৫০ হাজার টাকা লোপাট হয়। এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং আরও কোন দুর্নীতি আছে কিনা তা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাউদ্দিন চৌধুরিকে আহবায়ক করে সোমবার ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা ৭২ ঘন্টার মধ্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করবেন। আলাউদ্দিন ও শহিদুলসহ প্রতারণার শিকার অন্যান্যরা অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে লাইনে দাঁড়িয়ে তারা সোনালী ব্যাংক মানিকগঞ্জ শাখার পাসপোর্ট কার্যালয় বুথে টাকা জমা দেন। সোমবার সকালে তারা জানতে পারেন ব্যাংক কর্তৃপক্ষ জাল রশিদের মাধ্যমে তাদের টাকা আত্মসাত করেছে। সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল হাই তাদের কোন কর্মকর্তা ও কর্মচারি জালিয়াতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন। পাসপোর্ট কার্যালয় ঘিরে ভূক্তভোগীদের কাছ থেকে আরও দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সাটুরিয়ার রাধানগর গ্রামের কালাচান সুত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ছেলের পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে। একই রকম অভিযোগ করেন, ওই গ্রামেরই চাঁদ বদন সুত্রধর। তিনি জানান, তার ভাই নীলরতন সুত্রধরের পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের জন্য ৩০০ টাকা ঘুষ দিতে হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের জন্য পাসপোর্টের আবেদনকারীদের প্রায় সকলকেই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদেরকে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এ প্রসঙ্গে মানিকগঞ্জের পুলিশ সুপার শেখ মো. মারুফ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেওয়ার ব্যবস্থা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.