নরসিংদী, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ছয় খুনের মামলায় সাত ডাকাতকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম আবুল কাশেম সোমবার এ মামলার রায় দেন।
রায়ের সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিল। আদালত মৃত্যুদণ্ডের পাশাপাশি সব আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, আকতারুজ্জামান বিরু, দুদ মিয়া, শফিক ভূঁইয়া, শহীদ মিয়া, ফজলুল হক, স্বপন ও মোহাম্মদ জাহাঙ্গীর। আদালত এদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে।
এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ২০০৭ সালের ১৮ মে তারা নরসিংদী জেলা শহরের ভেলানগর এলাকায় রইচ উদ্দিনের বাড়িতে হানা দিয়ে বাড়ির ছয় সদস্যকে হত্যা করে লুটপাট চালায়। হত্যার আগে ওই পরিবারের দুই তরুণীকে ধর্ষণও করে তারা। ডাকাতি শেষে যাওয়ার সময় তারা বাড়ির মূল ফটকে তালা দিয়ে যায়।
ডাকাতি ও হত্যাকাণ্ডের চার দিন পর ২২ মে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ছয় জনের গলিত লাশ উদ্ধার করে।
ডাকাতের হামলায় নিহতরা হলো, গৃহকর্তা রইচ উদ্দিন (৫২), তার স্ত্রী সালমা বেগম (৪৮), মেয়ে ইউনা (২৬), স্বর্ণা (২৪), ছেলে রাজিব (২১) ও পালিতা কন্যা উর্মি (৮)।
লাশ উদ্ধারের দিনই রইচউদ্দিনের শ্যালক শাহজাহান ভূইয়া বাদি হয়ে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করেন।
লুণ্ঠিত মোবাইল ফোনের সূত্র ধরে র্যাব নরসিংদীর রায়পুরা, কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে সাত ডাকাতকে গ্রেপ্তার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডাকাতি ও ধর্ষণের কথা স্বীকার করে।
ডাকাতরা জানায়, তারা রড দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে ওই ছয় জনকে হত্যা করে। ইউনা এবং স্বর্ণাকে হত্যার আগে ধর্ষণের কথাও স্বীকার করে তারা।
মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বাবুল আকতার তদন্ত শেষে গ্রেপ্তারকৃত সাত ডাকাতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
এ মামলায় মোট ২৭ জনের সাক্ষ্য নেয় আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি গাজী গোলাম মোস্তফা ও এপিপি এ এন এম অলিউল্লাহ। আসামি পক্ষে ছিলেন বদরুদ্দোজা জিলু, ইউনুস আলী, মামুনূর রশীদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৯ ঘ.
bdnews24