২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল নিয়ে ভারতীয় হাইকমিশনারের বক্তব্য শিষ্টাচারবহির্ভুত: খাদ্য উপদেষ্টা

সরকারি পর্যায়ে ভারত থেকে চাল আমদানির বিষয়ে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারবহির্ভুত বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা এএমএম শওকত আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 04:50 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি পর্যায়ে ভারত থেকে চাল আমদানির বিষয়ে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারবহির্ভুত বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা এএমএম শওকত আলী। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানোরও কথা জানিয়েছেন। গত শনিবার কুষ্টিয়ায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশের কারণেই ভারত থেকে চাল আমদানিতে বিলম্ব হচ্ছে। ভারত থেকে সরকারি পর্যায়ে পাঁচ লাখ টন চাল আমদানির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসার জবাবে উপদেষ্টা রোববার পিনাক রঞ্জনের বক্তব্যের প্রসঙ্গটি টেনে এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, "পিনাক রঞ্জন চক্রবর্তীর বক্তব্য মোটেই সঠিক নয়। পাশাপাশি তিনি এ বক্তব্য দিয়ে অকূটনীতিক সুলভ আচরণ করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি।" উপদেষ্টার চিঠি পাঠানো প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার হাতে এখনো চিঠি এসে পৌঁছায়নি। চিঠিতে কী আছে তা দেখার পর করণীয় ঠিক করব। এখন এর বেশি কোন মন্তব্য করব না।" শওকত আলী জানান, ভারতের প্রতিশ্র্রুত পাঁচ লাখ টন চাল বাংলাদেশে আমদানির বিষয়ে তাদের পরামর্শে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পর্যন্ত এক লাখ টন চালের চুক্তি হয়েছে। বাকি চার লাখ টন চাল আমদানির ব্যাপারে ভারতীয় একটি প্রতিনিধি দল রোববার ঢাকায় এসেছে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশের একটি দল তাদের সঙ্গে আলোচনা করবে। নভেম্বরে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর ২ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বাংলাদেশ সফরে এসে পাঁচ লাখ টন চাল রপ্তানির প্রতিশ্র"তি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমএইচবি/২২৪০ ঘ.