মৌলভীবাজার, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলগঞ্জ উপজেলার ডাবলছড়া খাসিয়া পূঞ্জিতে রোববার বিকেলে পিটুনিতে মোমিন (৩০) নামে একজন নিহত এবং তার সহযোগী গিয়াস মিয়া (২৫) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত মোমিন কমলগঞ্জ উপজেলার চিতলি গ্রামের সাজ্জাদ মিয়ার ছেলে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফেরদৌস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিতলি গ্রামের মোমিন ও গিয়াস খাসিয়া পূঞ্জিতে পান চুরি করতে গিয়ে চুরির দুই বস্তা পানসহ চৌকিদারদের হাতে আটক হওয়ার পর তাদের পিটুনিতে মোমিন ও গিয়াস মারাত্মক আহত হন।
এলাকার লোকজন দুইজনকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোমিনকে মৃত ঘোষণা করেন। আহত গিয়াসকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে উপ পরিদর্শক ফেরদৌস হাসান।
ডাবলছড়া পান পূঞ্জির হেডম্যান (মন্ত্রী) পিডিসন সুচিয়াং জানান, পান চুরি করতে এসে চৌকিদারের ধাওয়া খেয়ে পালানোর সময় উঁচু টিলা থেকে পড়ে মোমিনের মৃত্যু হয়েছে।
অপরদিকে নিহতের বাবা সজ্জাদ মিয়া অভিযোগ করেছেন, তার ছেলে কাঠ কুড়াতে গিয়ে খাসিয়াদের অমানিবিক নির্যাতনে মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.
bdnews24