ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটটি উড়োজাহাজ কিনতে বোয়িং কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান। শনিবার বিকালে বিমানবন্দর সড়কে বিমানের 'বলাকা' কার্যালয়ে এ স্বাক্ষর অনুষ্ঠান হয়।
এর মাধ্যমে ১২৬ কোটি ৫০ লাখ ডলার দামে ৮টি বোয়িং বিমান কেনার সমঝোতা হলো। এর মধ্যে চারটি নতুন বোয়িং-৭৭৭-৩০০ ইআর এবং চারটি বোয়িং-৭৮৭-৮ মডেলের উড়োজাহাজ। এর মধ্যে চারটি ২০১৩ সালে বিমানের বহরে যুক্ত হবে; বাকি চারটি যুক্ত হবে ২০১৭ সালে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ মোমেন ও যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (এয়ারক্রাফট কনট্রাক্ট) গ্লেন এ গ্রিন চুক্তি স্বাক্ষর করেন।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহবুব জামিল ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি এ সময় উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পর মাহবুব জামিল সাংবাদিকদের বলেন, "এটি সরকারের বৈপ্লবিক সিদ্ধান্তের ফল। এই সমঝোতা স্মাারকের মাধ্যমে পরবর্তী সময়ে আরও চারটি বোয়িং বিমান কেনার পথও সুগম হলো। সে বিমানগুলো কেনার ক্ষেত্রে আলাদা স্মারক সই করতে হবে না।"
এই প্রথম সরাসরি নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে উড়োজাহাজ কেনা হচ্ছে বলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান।
সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার নিজস্ব তহবিল থেকে ১৬ কোটি ডলার দিচ্ছে বলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল জানান।
তিনি বলেন, "সমঝোতা স্মারক অনুযায়ী প্রথম ৪টি বিমান বোয়িং-৭৭৭-৩০০ ইআর আগামী ২০১৩ সালে পর্যায়ক্রমে বিমান বাংলাদেশের বহরের সঙ্গে যুক্ত হবে। অন্য চারটি যুক্ত হবে আগামী ২০১৭ সালে।"
এক প্রশ্নের জবাবে মাহবুব জামিল বলেন, "বিমান কেনার ক্ষেত্রে যাতে আগামীতে কোনও দুর্নীতি না হয় সে জন্য একটি নীতিমালা তৈরির কথা ভাবছে সরকার।"
তিনি সাংবাদিকদের আরও জানান, অভ্যন্তরীন রুটের জন্য আরও দুইটি উড়োজাহাজ কেনার চিস্তাভাবনা রয়েছে। এ ব্যাপারে ইউরোপীয় এয়ারবাস কোম্পানি ও যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির প্রস্তাবগুলো বিমান পরিচালনা পর্যদ আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
বর্তমানে বিমানের বহরে চারটি ডিসি-১০, তিনটি এয়ারবাস এবং তিনটি এফ-২৮ উড়োজাহাজ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এমআই/১৮১৮ ঘ.
bdnews24