ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ শুক্রবার বলেছেন, বিশ্বে ইসলাম নিয়ে যে ভীতির সৃষ্টি হয়েছে তা পুরোপুরি অকারণ ও অযৌক্তিক।
সেনেগালের রাজধানী ডাকারে একাদশ ইসলামিক সম্মেলনের সাধারণ সভায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "আমরা দেখতে পাচ্ছি, ইসলাম নিয়ে এক অযৌক্তিক ভীতি আজ বিশ্বকে ঘিরে ধরেছে। অর্থহীন এই ভীতির পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। এটা অন্যায় ও অনুচিত। এর অবসান প্রয়োজন।"
ইসলাম কোনোভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন করে না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "ইসলমের মূল্যবোধকে বিশ্বের সামনে তুলে ধরে এই ভীতিকে আমাদের মিথ্যা প্রমাণ করতে হবে।"
ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য একটি অভিন্ন বাজার গড়ে তোলারও প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, "আমাদের এখন অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে অগ্রসর হওয়া উচিৎ। ইসলামিক দেশগুলোর জন্য একটি অভিন্ন বাজার প্রতিষ্ঠা করা যায় কি না তাও আমরা ভেবে দেখতে পারি।"
তিনি বলেন, "ইসলামিক দেশগুলোর আন্তঃবাণিজ্যের ধরন এমন হওয়া উচিৎ যাতে সবচে গরিব দেশটিও লাভবান হতে পারে।"
আফ্রিকার দরিদ্র দেশগুলোর জন্য ওআইসির পক্ষ থেকে বিশেষ সহযোগিতা প্রকল্প নেওয়ারও আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা তার ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, "একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিনের জনগণের দুঃখ দুর্দশা কোনোভাবেই ঘোচানো সম্ভব নয়।"
সেনেগালের ডাকারে গত বৃহস্পতিবার ওআইসি সম্মেলন শুরু হয়। শুক্রবার ছিল সম্মেলনের শেষ দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/জেকে/২৩২৮ ঘ.
bdnews24