২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বকশী বাজার মোড়ে ছাত্রদের বিক্ষোভ

পড়াশোনার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের আবাসিক শিক্ষার্থীরা বকশী বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 05:40 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পড়াশোনার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের আবাসিক শিক্ষার্থীরা বকশী বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাতটায় বিদ্যুৎ চলে গিয়ে দীর্ঘক্ষণও না আসায় শিক্ষার্থীরা হল ছেড়ে বকশী বাজার মোড়ে বিক্ষোভ শুরু করে। বিদ্যুৎ না আসায় অনেক রাত পর্যন্ত ছাত্ররা মোড়ে অবস্থান করছিল। সেখানে তারা টায়ার পুড়িয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীতের কয়েকজন জানান, প্রতিদিনই রাতে দুই থেকে তিন ঘণ্টা হলে বিদ্যুৎ থাকে না। নিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এ কারণে তারা সরাসরি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিদ্যুৎ সরবরাহ চায়। বিক্ষোভের খবর পেয়ে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদ হোসেন এবং লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি ক্ষীসা ঘটনাস্থলে যান। সেখান থেকে নবজ্যোতি ক্ষীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছেন। শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার নিশ্চয়তা চায়। এ বিষয়ে হলের প্রভোস্টসহ অন্য কর্মকর্তাদের নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/২৩৩০ ঘ.