ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত মুরগি ঠাকুরগাঁও শহরে আনার অভিযোগে বুধবার ব্যবসায়ীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত সন্দেহে নরসিংদীতে সাড়ে ১২ হাজার ও সাভারে নয় হাজার মুরগি নিধন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত মুরগি ঠাকুরগাঁও শহরে আনার অভিযোগে আটক চারজনকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুরগির মালিক আব্দুল আজিজ, ব্যবসায়ি মোহাম্মদ আজিজ, ট্রাক চালক আব্দুল মালেক ও তার সহকারী মোফাজ্জল হোসেন। পুলিশ মুরগিবাহী ট্রাকও আটক করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, গাজীপুর জেলার শ্রীপুরের মুরগির মালিক আব্দুল আজিজের কাছ থেকে ঠাকুরগাঁও শহরের মালন্দর মাদ্রাসা পাড়ার মুরগি ব্যবসায়ী মোহাম্মদ আজিজ মঙ্গলবার রাতের অন্ধকারে ৪২৭টি বড় আকারের ব্রয়লার মুরগি ট্রাকে করে নিয়ে আসে। ভোরের দিকে গোপনে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের কাছে একটি গুদামের সামনে মুরগিগুলো নামানো হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মকবুল হোসেন প্রাতঃভ্রমণে বের হয়ে দেখতে পান মুরগিগুলির মধ্যে ২৬টি মুরগি মরা। সঙ্গে সঙ্গে তিনি জেলা পশুসম্পদ অধিদপ্তরে খবর দেন। পশুসম্পদ অধিদপ্তরের লোকজন পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।
জেলা পশুসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র দাস বলেন, ঘটনাস্থল থেকে মরা মুরগির নমুনা জরুরি ভিত্তিতে জয়পুরহাট আঞ্চলিক পশু রোগ অনুসন্ধান কেন্দ্রে পাঠানো হয়। মরা মুরগিগুলি অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত বলে ওইদিনই টেলিফোনে জানিয়ে দেওয়া হলে সঙ্গে সঙ্গে জেলা বার্ড ফ্লু প্রতিরোধ কমিটির তত্ত্বাবধানে অবশিষ্ট ৪০১টি মুরগি নিধন করা হয়।
জেলা পশু সম্পদ কর্মকর্তা বিমল চন্দ্র লাল জানান, মোহাম্মদ আজিজ গাজীপুরের বিভিন্ন স্থান থেকে কম দামে মুরগি এনে ঠাকুরগাঁওয়ের হাটে-বাজারে বিক্রি করে। গ্রামের মুরগি ব্যবসায়ীরা এগুলি কিনে জবাই করে ওজন হিসাবে মাংস বিক্রি করে। অসুস্থ ও মরা মুরগিও সম্ভবত একইভাবে বিক্রি করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত মুরগি ব্যবসায়ীর কাছে চালানের কোন বৈধ কাগজ ছিল না।
এদিকে বার্ড ফ্লু প্রতিরোধে মুরগি পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না।
এ ব্যাপারে জেলা পশু সম্পদ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপনে ও রাতের আধারে এভাবে মুরগি পরিবহন করলে আমাদের করার তেমন কিছুই থাকে না। তবে গড়েয়া ও ২৯ মাইল নামক স্থানে দুটি চেকপোস্ট বসানো হয়েছে।"
উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রোববার মুখ্য বিচারিক হাকিম আদালতে রিমান্ড চাওয়া হবে।
নরসিংদী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলার জিনারা ইউনিয়নের বারার চরের মিলিনিয়াম পোল্ট্রি ফার্মে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত সাড়ে ১২ হাজার মুরগি ও ২৫ হাজার ডিম নিধন করা হয়েছে।
এ সময় জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক পলাশ উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মোর্শেদুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া শিবপুর উপজেলা সদরে মনসুর আলী ভূঁইয়া পোল্ট্রি ফার্মে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংক্রমিত হয়েছে।
জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক জানান, রাত ১০টা থেকে ওই খামারের মুরগি নিধন করা হবে।
সাভার প্রতিনিধি জানান, সাভারে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রান্ত দুটি খামার ও আশপাশের ২টি খামারের ৯ হাজার ২৬টি মুরগি নিধন ও ৬৫০টি ডিম ধ্বংস করেছে পশুসম্পদ কর্মকর্তারা।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমানের নেতৃত্বে এ নিধন অভিযান চলে।
অভিযানে অংশ নেওয়া রেপিড রেসপন্স টিমের সদস্য শহিদুল্লাহ কায়সার জানান, রাজাশন এলাকার একটি পোল্ট্রি ফার্মের কয়েকটি মুরগি পরীক্ষার জন্য গত মঙ্গলবার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান কেন্দ্রে (সিডিআইএ) পাঠানো হয়। সেখান থেকে বাংলাদেশ পশুসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে (বিএলআলআই) পাঠালে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সনাক্ত হয়।
পরে বৃহস্পতিবার দুপুরে পশুসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. সালেউদ্দিনের নির্দেশে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রান্ত দুটি খামার ও এক কিলোমিটার এলাকার মধ্যে দুটি খামারের ৯ হাজার ২৬টি মুরগি নিধন ও ৬৫০টি ডিম ধ্বংস করা হয়।
সাভার উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদুল আলম জানান, নিধন করা মুরগি ও ডিমগুলোকে ৮ ফুট গভীর গর্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২০৬ ঘ.
bdnews24