গাইবান্ধা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ছানাসহ বিএনপির চার নেতাকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক এটিএম মেশবাউদৌলা বৃহস্পতিবার এই রায় দেন।
দণ্ডাদেশ প্রাপ্ত অপর আসামিরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন দেব, হামিদুল হক ছানার ব্যক্তিগত সহকারী মাহবুবার রহমান ও সাবেক পৌর কমিশনার আজাহার আলী। ছানা ও আজাহার আলী বর্তমানে কারাগারে রয়েছেন। বাকী দুজন পলাতক।
গাইবান্ধার ব্যবসায়ী ও সৈয়দপুর ঘাটের ইজারাদার আসাদুজ্জামান হাসু গত বছর ২৩ এপ্রিল গাইবান্ধা সদর থানায় এই মামলাটি করেছিলেন।
গত বছর ২১শে এপ্রিল কাকরাইল মসজিদ এলাকা থেকে হামিদুল হক ছানাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, জেলা বিএনপির সভাপতি হামিদুল হক ছানা ইজারদার হাসুর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে ঘাট থেকে উচ্ছেদ করা হবে বলে হুমকিও দেন। বাধ্য হয়ে হাসু দুই লাখ টাকা হামিদুল হক ছানাকে দেন।
অ্যাডভোকেট হামিদুল হক ছানার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, ভাংচুর, লুটপাট, অর্থ আত্মসাতসহ আরও পাঁচটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২২ ঘ.
bdnews24