২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন বাস্তবায়নের অভাবে বাংলাদেশে নারী বৈষম্য বাড়ছে: যুক্তরাষ্ট্র

নারী বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে আইন থাকলেও এগুলো যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় বাংলাদেশে নারী বৈষম্য ও নির্যাতন বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে মঙ্গলবার মার্কিন সরকার প্রকাশিত ২০০৭ সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 10:11 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে আইন থাকলেও এগুলো যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় বাংলাদেশে নারী বৈষম্য ও নির্যাতন বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে মঙ্গলবার মার্কিন সরকার প্রকাশিত ২০০৭ সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে। প্রতিবেদনে শিশুদের অধিকার ও কল্যাণ বিষয়ে সরকারের পদক্ষেপের প্রশংসা করা হলেও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নারী, পুরুষ ও শিশু পাচার প্রক্রিয়াকে সুবিধাজনক করে তুলেছে বলে মন্তব্য করা হয়। সেইসঙ্গে অবৈধভাবে পুরুষ, নারী ও শিশু পাচার এখনও বাংলাদেশে একটি বড় সমস্যা বলে ওই প্রতিবেদনে বলা হয়। নারী: মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত ওই প্রতিবেদনে নারী বৈষম্য বিষয়ে বলা হয়, "নারীর প্রতি বিশেষ কিছু বৈষম্য প্রতিরোধে আইন রয়েছে, যেগুলোতে নারী ও শিশুদের প্রতি সহিংসতায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ, কঠোর শাস্তির সুপারিশ, সহিংসতার শিকারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব পালনে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে। তবে এই আইন বাস্তবায়নের ক্ষেত্র খুবই দুর্বল।" ২০০৩ সালে সংসদে বর্তমান আইনের একটি সংশোধনী পাশ হলেও পারিবারিক সংহিংসতার হার কমেনি বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। বাংলাদেশের ৫০ শতাংশ নারীর অন্তত একবার সহিংসতার অভিজ্ঞতা হয়েছে বলা হয়, "গৃহস্থ সহিংসতা গত কয়েক বছরের তুলনায় অনেকটা বেড়েছে। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের ৫০ শতাংশ নারীর অন্তত একবার সহিংসতার অভিজ্ঞতা হয়েছে। আর এগুলোর বেশিরভাগই যৌতুক সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হয়েছে। শুধু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যৌতুকের কারণে খুন হয়েছেন ১৪৫ নারী।" ধর্ষন ও দাম্পত্য কলহে শারীরিক নির্যাতন প্রতিরোধে আইন থাকলেও দাম্পত্য ধর্ষণের জন্য এতে কোন ধারা নেই উল্লেখ করে 'অধিকার' নামের একটি স্থানীয় বেসরকারি মানবাধিকার সংস্থার সূত্র দিয়ে জানানো হয়, "সারা বছরে ৪৫৯ জন নারী ও ২৪৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। তবে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর মতে এ সংখ্যা আরো বেশি। অনেক ধর্ষিতা সামজিকভাবে হেয় হওয়ার ভয়ে ঘটনা চেপে রাখে। ধর্ষকদের বিরুদ্ধে মামলাগুলোর বিচারও যথাযথ ভাবে হয় না।" প্রতিবেদনে স্থানীয় বেসরকারি মানবাধিকার সংস্থার (এনজিও) বরাত দিয়ে বলা হয়, "বাংলাদেশের প্রধান শহরগুলোতে পুরুষরাও দেহ ব্যবসার সঙ্গে জড়িত। যদিও পুরুষ দেহ ব্যবসা বাংলাদেশে অবৈধ। নারীদের দেহব্যবসায় বৈধ সর্বনিম্ন বয়স ১৮ বছর হলেও কর্তৃপক্ষ তা উপেক্ষা করে বয়সের নকল প্রমাণপত্র দিয়ে পার পেয়ে যাচ্ছে। সরকার খুবই নগণ্যভাবে কমবয়সী যৌনকর্মীর দালালদের শাস্তির বিধান করেছে এবং বিপুল সংখ্যক অপ্রাপ্তবয়স্ক মেয়ে যৌনপল্লীগুলোতে কাজ করছে।" প্রতিবেদনে স্থানীয় এনজিওগুলোর হিসাব দিয়ে বলা হয়, দেশে নারী যৌনকর্মীর সংখ্যা প্রায় এক লাখ। ২০০৪ সালে ইউনিসেফের হিসাব অনুযায়ী দেশে দশ হাজার অপ্রাপ্তবয়স্ক নারী যৌনকর্মী ছিল। কিন্তু অন্যান্য হিসাব অনুযায়ী এই সংখ্যা প্রায় ২৯ হাজার। এ ছাড়া বাংলাদেশে এখনো 'এসিড সন্ত্রাস'কে একটি বড় সমস্যা বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। স্থানীয় বেসরকারি মানবাধিকার সংস্থা 'অধিকারের' প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৬১ জন এসিড হামলার শিকার হয়েছে। এদের মধ্যে ৯৬ জন নারী এবং ২৩ জন শিশু। আইন বাস্তবায়নে দুর্বলতার কারণে আইন কার্যকারিতা হারাচ্ছে উল্লেখ কর বলা হয়, আইন অনুযায়ী এসিড সন্ত্রাসের মামলাগুলোকে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুততর বিচার করার ব্যবস্থা থাকলেও সচেতনতার অভাবে ও বাস্তবায়নে দুর্বলতার কারণে আইনটি কার্যকারিতা হারাচ্ছে। এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের মতে, বিশেষ ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কার্যকর না হলেও গত বছর ৪৫ জনসহ ২০০২ সালের পর এ পর্যন্ত দ্রত বিচার ট্রাইব্যুনালে ২১৮ জন অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে। নারীরা এখনও সমাজে একটি অধস্তন পর্যায়ে রয়েছে এবং সরকার এখনো তাদের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে। শিশু: প্রতিবেদনে শিশুদের অধিকার ও কল্যাণ বিষয়ে বলা হয়, "শিশুদের অধিকার ও কল্যাণে গেল বছরে সরকার বেশ সজাগ ছিল। এসব কার্যক্রমের বেশিরভাগই ছিল স্থানীয় ও আন্তর্জাতিক এনজিও-এর সহায়তায় করা। এই যৌথ উদ্যোগ দেশে স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা খাতে উল্লেখযোগ্য উন্নয়নে ভূমিকা রেখেছে। যদিও ইউনিসেফের মতে, দেশের অর্ধেকের কিছু কম সংখ্যক শিশু এখনও অপুষ্টিতে ভুগছে।" "আইনানুযায়ী ছয় থেকে দশ বছরের বয়সী শিশুদের পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে যাওয়া বাধ্যতামূলক হলেও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বাস্তবায়িত হয়নি", বলেও উল্লেখ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়, "অভিভাবকরা শিশুদের স্কুলে পাঠানোর থেকে টাকার জন্য কাজ করানো বা বাড়ির কাজে সাহায্য করানোকেই বেশি প্রাধান্য দেয়।" শিশুদের জন্য সরকারি হাসপাতালের সংখ্যা খুবই কম বলেও উল্লেখ করা হয়েছে। বাল্য বিবাহের বিষয়ে বলা হয়, "আইন অনুযায়ী বিয়ের বৈধ বয়স ছেলেদের জন্য ২১ বছর এবং মেয়েদের জন্য ১৮ বছর হলেও অপ্রাপ্ত বয়সে বিয়ে দেশটিতে এখনও একটি বড় সমস্যা হয়ে আছে। ২০০৪ সালে স্থানীয় এনজিও ম্যাস লাইন মিডিয়া পরিচালিত একটি জরিপের তথ্য অনুযায়ী ৪০ শতাংশ বিয়ে অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে হয়। অপ্রাপ্তবয়সে বিয়ে ঠেকাতে সরকার মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করলে তার পড়াশোনার সব খরচ বৃত্তি হিসেবে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে।" প্রতিবেদনে বলা হয়, "বাংলাদেশ চাইল্ড রাইটস ফোরামের হিসাব অনুযায়ী, ১৪৭ শিশু অপহৃত, ২২৫ শিশু হত্যা, ২০০ শিশু সহিংসতায় আহত, ২৫০ শিশু ধর্ষিত, ২৩ শিশু এসিড হামলার শিকার এবং ১৬৯ শিশু নিখোঁজ হয়েছে।" মানবাধিকার পর্যবেক্ষণকারীদের মতে, শিশু নিখোঁজ, অপহরণ এবং পাচার এখন গুরুত্বপূর্ন এবং ব্যাপকভাবে বিস্তৃত সমস্যা। কিছু অগ্রগতি সত্ত্বেও শিশু পাচার এখনও একটি বড় সমস্যা হয়ে আছে বাংলাদেশে। শিশু শ্রমের বিষয়ে বলা হয়, "এটিও বাংলাদেশে একটি বড় সমস্যা। এর ফলে প্রায়ই নিয়োগকারীর দ্বারা শিশু অত্যাচারিত, কখনও কখনও দাসত্ব বা যৌন ব্যবসার জন্য বিদেশে পাচার হচ্ছে। ২০০৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের গবেষণায় বলা হয়, নির্যাতিত শিশুদের মধ্যে ৫০ শতাংশ শিশুই ছিল গৃহকর্মী।" পাচার: অবৈধভাবে পুরুষ, নারী ও শিশু পাচার এখনও বাংলাদেশে একটি বড় সমস্যা বলে মার্কিন সরকার প্রকাশিত বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়। গত বছর ৪৫টি নারী ও শিশু পাচারে ঘটনার বিচার হয়েছে। এর মধ্যে আদালত ২১ জনকে ফাঁসি এবং ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, "জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা ৮৭ জন পাচারের শিকার ব্যক্তিকে উদ্ধার করেছে। ২০০৫ সালের আগস্ট থেকে সরকার, এনজিও এবং ইউএই সরকারের মধ্যে যৌথ উদ্যোগের মাধ্যমে ১৯৯ জন উটের জকি হিসেবে কাজ করা শিশুকে ফিরিয়ে আনা হয়েছে। যাদের মধ্যে ১৯৮ জনকে পরিবারের সঙ্গে পুনর্মিলিত করা হয়েছে।" সেন্টার ফর ওমেন অ্যান্ড চাইল্ড সার্ভিসেসের প্রতিবেদন অনুযায়ী, বেশির ভাগ পাচার হওয়া ছেলে শিশুর বয়স ১০ বছর এবং মেয়ে শিশুর বয়স ১১ থেকে ১৬ বছর। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ পাচারকৃত ব্যক্তিকেই ভাল চাকরি বা ভালো বিয়ের লোভ দেখিয়ে পাচার করা হয়। এদের দেশের বাইরে নিয়ে জোর করে দাসত্ব বরণ করে নিতে বাধ্য করা হয়। এ ছাড়া মা-বাবারা কখনও কখনও ইচ্ছাকৃতভাবে দারিদ্র্য থেকে মুক্তিলাভের আশায় সন্তানদের পাঠিয়ে দেন। মার্কিন সরকার প্রকাশিত বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে আরো বলা হয়, "সরকারের দুর্নীতি এই পাচার প্রক্রিয়াকে সুবিধাজনক করে তুলেছে। পুলিশ এবং স্থানীয় সরকার কর্মকর্তারা প্রায়ই নারী ও শিশু পাচারের ঘটনাগুলোকে গুরুত্ব দেয় না কিংবা ঘুষের বিনিময়ে চেপে যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএল/এমএ/১৫৫৭ ঘ.