ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ বাতিল ও স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের দায়ের করা আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার এই রায় দেন। এই রায়ের ফলে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দেওয়া নোটিশের ভিত্তিতে দুদক যে কোনো আইনী কার্যক্রম গ্রহণ করতে পারবে।
এ রায়ের ফলে দুদকের সব নোটিশই বৈধ হয়ে যাবে বলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল ও শেখ হাসিনার কৌসুলী ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের জানান।
একইসঙ্গে আপিল বিভাগ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, বিজিপি চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জু ও বিআরটিসির সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারকে দেওয়া দুদক নোটিশের কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশও বাতিল ঘোষণা করেন।
এসব রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "সম্পত্তির হিসাব চেয়ে শেখ হাসিনাকে দেওয়া নোটিশ বাতিল করে হাইকোর্টের রায়ের ফলে দুর্নীতিবিরোধী প্রায় দুইশ' ফৌজদারি মামলার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে। এতে দুর্নীতিবিরোধী অভিযানে অচলাবস্থার সৃষ্টি হয়।"
তিনি বলেন, "আপিল বিভাগের আজকের রায়ের ফলে দুর্নীতিবিরোধী প্রায় দুইশ' মামলার ভবিষ্যত শঙ্কামুক্ত হল।"
শেখ হাসিনার কৌসুলী ব্যারিস্টার রফিক উল হক বলেন, "হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। এই রায়ের ফলে সম্পদের বিবরণী চেয়ে শেখ হাসিনাসহ সবাইকে দেওয়া দুদকের নোটিশ বৈধ হয়ে যাবে। দুদকের নোটিশের ভিত্তিতে মামলা দায়েরসহ যাবতীয় আইনী কার্যক্রম চলবে। দুদকের নোটিশ চ্যালেঞ্জ করে দায়ের করা সব মামলার পরিণতি একই হবে।"
গত ২১ নভেম্বর হাইকোর্ট শেখ হাসিনার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তার সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে দুদকের দেওয়া নোটিশ অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল আবেদন করলে উচ্চ আদালত গত ১০ জানুয়ারি আপিল শুনানির জন্য গ্রহণ করে।
শেখ হাসিনাকে গ্রেপ্তারের পরদিন গত বছর ১৭ জুলাই দুদক তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয়। গত বছর ৫ আগস্ট এই নোটিশের বিরুদ্ধে হাসিনা হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
অন্যদিকে গত ২৫ নভেম্বর হাইকোর্ট বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সম্পত্তির হিসাব চেয়ে দুদকের দেওয়া নোটিশের কার্যক্রম স্থগিত করেছিল।
দুদক এর বিরুদ্ধে আপিল করলে খালেদার সম্পত্তির হিসাব চেয়ে দেওয়া নোটিশ স্থগিত করে হাইকোর্ট গত ১৩ জানুয়ারি যে আদেশ দিয়েছিল তা স্থগিত না করে চেম্বার বিচারপতি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছিলেন।
বৃহস্পতিবার দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আনিসুল হক। খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক।
গত ১৮ জুলাই খালেদা জিয়ার সম্পত্তির হিসাব চেয়ে দুদক নোটিশ দিয়েছিল। গত বছর ২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২ ডিসেম্বর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেওয়া নোটিশের কার্যক্রম স্থগিত করেছিল হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে দুদক।
গত ১৮ নভেম্বর দুদক সাজেদা চৌধুরীর সম্পত্তির হিসাব চেয়ে তার প্রতি নোটিশ দেয়। সাজেদা চৌধুরী এজন্য সময় চাইলে দুদক তাকে দুই সপ্তাহ সময় দেয়।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৪৫৬ঘ.
bdnews24