২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণাঢ্য মিছিল দিয়ে আদিবাসী উৎসব শুরু

বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসব। কয়েকশ' আদিবাসী ঐতিহ্যবাহী রঙবেরংয়ের পোষাকে ঢাক - ঢোল বাজিয়ে মিছিলে অংশ নেয়। সংক্ষিপ্ত মিছিলটি সকাল সাড়ে ১০টায় একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর কয়েকটি পথ ঘুরে শেষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 07:18 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসব। কয়েকশ' আদিবাসী ঐতিহ্যবাহী রঙবেরংয়ের পোষাকে ঢাক - ঢোল বাজিয়ে মিছিলে অংশ নেয়। সংক্ষিপ্ত মিছিলটি সকাল সাড়ে ১০টায় একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর কয়েকটি পথ ঘুরে শেষ হয়। বেসরকারি সংস্থা 'সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভলপমেন্ট' (সেড) সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। 'আদিবাসী সাংস্কৃতিক উৎসব, ২০০৮' শিরোনামের এ উৎসবের মূল সুর হচ্ছে "সাংস্কৃতিক বৈচিত্র আমাদের গর্ব।" বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন আদিবাসী কুটিরশিল্প উদ্যোক্তা মঞ্জুলিকা চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উদ্যোক্তারা জানিয়েছেন, উৎসবে অংশগ্রহণকারী আদিবাসী সাংস্কৃতিক দলগুলো বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রতিদিন বিকাল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এছাড়া প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শিল্পকলা একাডেমির চিত্রশালায় চলবে আদিবাসী জীবন ও সংস্কৃতি বিষয়ক আলোকচিত্র এবং আদিবাসী সামগ্রীর প্রদর্শনী। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, বম, রাখাইন, সাঁওতাল, মণিপুরী, হাজং, গারোসহ বিভিন্ন আদিবাসী নৃ-গোষ্ঠীর প্রায় ২০০ শিল্পী এই সাংস্কৃতিক উৎসবে যোগ দিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৩০৪ঘ.