ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- যমুনা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম বাবুলের স্ত্রী ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম বৃহস্পতিবার সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন পেয়েছেন।
ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির হলে বিচারক মো. আজিজুল হক শুনানি গ্রহণ করে সালমা ইসলামকে ৫০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন।
ব্যারিস্টার রফিক উল হক সালমা ইসলামের পক্ষে তার জামিন আবেদনের শুনানিতে বলেন, "এ মামলাটি দুর্নীতি দমন এবং জরুরি ক্ষমতার আওতায় মামলা। দুর্নীতির মামলায় এই সিনিয়র বিশেষ জজ আদালতে সাধারণত জামিন দেওয়ার রেওয়াজ না থাকলেও যেহেতু মামলার প্রধান আসামী নুরুল ইসলাম বাবুল হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন সেহেতু সহ আসামী শর্তে এবং জরুরি ক্ষমতা বিধির ১৯(ঘ) ধারা অনুযায়ী মহিলা বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়।"
মহানগর পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে তার জানামতে মহিলা সহ আসামী শর্তে দুর্নীতির অপর একটি মামলায় জামিন দেয়া হয়েছিল।
এদিকে অভিযুক্ত সালমা ইসলাম এবং তার অপর আইনজীবী মো. আবদুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত অভিযুক্তকে জামিন দিয়েছেন কারণ আইন সংশোধন করে বলা হয়েছে যে, প্রধান অভিযুক্তের স্ত্রী-পুত্রকে জামিন দেওয়া যাবে। তাছাড়া যেহেতু প্রধান আসামী হাইকোর্ট থেকে নেওয়া জামিনে আছেন তাই দ্বিতীয় আসামীকে জামিন দেওয়া হয়েছে।
এ মামলার অপর অভিযুক্ত ইসলাম দম্পতির ছেলে মো. শামীম ইসলাম পলাতক আছেন।
মঙ্গলবার বিকেলে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক অ্যাডভোকেট সালমা ইসলাম ও তার ছেলে মো. শামীম ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নূরুল ইসলাম বাবুলকে এ মামলায় হাজির হতে বলা হয়েছে।
গত বছরের ১৯ আগস্ট রমনা থানায় এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক শারমিন ফেরদৌসী। এজাহারে বলা হয়, দুদক গত বছরের ১৮ ফেব্র"য়ারি নূরুল ইসলাম বাবুলকে তার নিজের ও পরিবারের সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দিলে ২২ ফেব্র"য়ারি বাবুল তার সম্পদের হিসাব দেন। ওই বিবরণীতে বাবুল তার নিজের, স্ত্রী সালমা ইসলাম, ছেলে মো. শামীম ইসলাম, তিন মেয়ে শরীয়াত তাসরিন, সাবিহা নাজনীন ও সুমাইয়া ইসলামের নামে ৮ কোটি ৮৪ লাখ ২৩ হাজার ৬২৪ টাকার স্থাবর এবং ৬১ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৪৮৯ টাকার অস্থাবর সম্পদ প্রদর্শন করেন।
অভিযোগপত্রে বলা হয়, নূরুল ইসলাম বাবুল ৪ কোটি ১৭ লাখ ৯৮ হাজার ৪১২ টাকার সম্পদ গোপন করেন এবং জ্ঞাত আয়-বহির্ভূত ৫ কোটি ৫৬ লাখ ২১ হাজার ৬ শ' টাকার সম্পদ অর্জন করে দুদক আইন ও জরুরি ক্ষমতা বিধি অনুযায়ী অপরাধ করেছেন।
আসামী সালমা ইসলাম ও মো.শামীম ইসলাম যথাক্রমে তাদের স্বামী ও পিতার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অবৈধভাবে অর্জিত জেনেও নিজেদের দখলে রেখে স্বামী ও পিতাকে অপরাধে সহায়তা করেছেন বলে অভিযোগ করা হয়।
গত ৪ মার্চ এ মামলায় শুধু বাবুল, সালমা ও শামীমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মঞ্জুরুল আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এসকে/১২১৮ঘ.
bdnews24