নোয়াখালী, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বুধবার উদ্বোধন করা হয়েছে 'বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর'। বিকেলে জাদুঘরটি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "এতদিন বীরশ্রেষ্ঠ ও ভাষা শহীদদের স্মৃতি রক্ষায় যা কিছু করা হয়েছে তার সবই ছিল শহরকেন্দ্রিক। কিন্তু যে গ্রাম তাদের জন্ম দিয়ে ধন্য, যেখানে মিশে আছে তাদের শৈশবের নানা স্মৃতি- সেখানে বর্তমান সরকার তাদের স্মৃতি রক্ষার উদ্যোগ নিয়েছে।"
অনুষ্ঠানে একে খন্দকার বীর উত্তম নির্মল পরিছন্ন ও মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মেয়ে নুরজাহান বেগম নারগিসও যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মজিবুর রহমান, নৌবাহিনী জাহাজ রুহুল আমিনের কমান্ডার এসএম ইকবাল, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ভাই মজিবুল হক, নোয়াখালীর জেলা প্রশাসক হাবিবুল কবির চৌধুরী প্রমুখ।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারের দেওয়া জমিতে নোয়াখালী জেলা পরিষদ ৬৫ লাখ টাকা ব্যয়ে গ্রন্থাগার ও স্মুতি জাদুঘরটি নির্মাণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৩৬ ঘ.
bdnews24