২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বেড়েছে: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার মনে করে, জরুরি অবস্থা জারি এবং জাতীয় নির্বাচন স্থগিত করার পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্র সরকার মনে করে, জরুরি অবস্থা জারি এবং জাতীয় নির্বাচন স্থগিত করার পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র প্রকাশিত ২০০৭ সালের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, '২০০৭ এর জানুয়ারিতে জারি করা জরুরি ক্ষমতা বিধিমালা বছর জুড়েই বহাল ছিল। ফলে সংবাদপত্রের স্বাধীনতা ও সমাবেশ করার স্বাধীনতা এবং জামিনের অধিকারসহ বিভিন্ন মৌলিক অধিকার চর্চা বন্ধ থাকে।' এই সময়ে যৌথবাহিনীর হাতে আটক সন্দেভাজনদের অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন, জোর করে স্বীকারোক্তি আদায় এবং কোনো কোনো ক্ষেত্রে প্রভাশালীদের বিরুদ্ধে মামলা করতে রাজি হওয়ার বিনিময়ে সন্দেহভাজনদের মুক্তি দেওয়া হয়েছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, চলমান দুর্নীতিবিরোধী অভিযান জনপ্রিয়তা পেলেও শীর্ষ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলোর বিচার যথাযথ প্রক্রিয়ায় হচ্ছে কি না তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দুই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, 'সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সরকার অঘোষিতভাবে গৃহবন্দি করে রাখে এবং বছরের (১৯৯৭) প্রথম ছয়মাসে তাদেরকে বিদেশে নির্বাসনে পাঠানোর জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। পরে তাদের দুজনকেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা বিচারের অপেক্ষায় রয়েছেন।' গণমাধ্যমের উপর বিধিনিষেধ আরোপের সমালোচনা করা হয় মানবাধিকার প্রতিবেদনে। এতে বলা হয়, 'প্রায় সময়ই সংবাদপত্রের মালিকানা ও খবরের বিষয়বস্তুর ওপর সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এবং গোয়েন্দা সংস্থা সরাসরি হস্তক্ষেপ করে। এমনকি সরকার বা সেনাবাহিনীর বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদনের জন্য ডিজিএফআই সাংবাদিকদের প্রায়ই সাবধান করে দেয়।' হিউম্যান রাইটস ওয়াচের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, 'সামরিক বাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী সন্দেহভাজনদের বেআইনিভাবে সেনাক্যাম্প, গোয়েন্দা সংস্থার সদরদপ্তর ও অন্যান্য অজ্ঞাত স্থানে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করেছে। সন্দেহভাজনদের মুক্তি দেওয়া বা বিচারকের সামনে হাজির করার আগে জোর করে স্বীকারোক্তি আদায়ের ঘটনাও ঘটেছে।' কোন কোনো সময় প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করার প্রতিশ্র"তির বিনিময়ে সন্দেহভাজনরা মুক্তি পেয়েছেন বলেও জানানো হয় যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে। শাস্তির ভয় উপেক্ষা করে বাংলাদেশে কেউই জনসমক্ষে সরকারের সমালোচনা করতে পারছে না- মন্তব্য করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলেছে, 'জরুরি ক্ষমতা বিধমালায় ঘরে-বাইরে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর মাধ্যমে সরকার সমালোচক সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেয়েছে। পাশাপাশি সরকারের সমর্থনে প্রতিবেদন প্রচার বা প্রকাশে বাধ্য করার ক্ষমতাও রয়েছে কর্তৃপক্ষের হাতে।' ২০০৭ সালে নিরাপত্তা বাহিনীর হাতে বিচার বহির্ভুত হত্যার ঘটনা আগের চেয়ে কমেছে মন্তব্য করলেও প্রতিবেদনে বলা হয়, 'নিখোঁজ ও অপহরণের ঘটনা গুরুতর সমস্যা হিসেবে বছরজুড়ে বহাল ছিল।' মানবাধিকার সংস্থাগুলোর তথ্যের উদ্ধৃতি দিয়ে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, গতবছর র‌্যাবের হাতে নিহত হয়েছে ৯৪ জন। গড়ে প্রতিমাসে নিহত হয়েছে আটজন করে। আগের বছর ২০০৬ সালে প্রতিমাসে এ ধরনের হত্যার ঘটনা ছিল ১৫টি। বিচারবহির্ভুত হত্যার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, 'মৃত্যুর ঘটনাগুলো অস্বাভাবিক পরিস্থিতিতে, বিশেষত পুলিশি অভিযান বা কারা অভ্যন্তরে ঘটেছে। সরকার সাধারণত এসব ঘটনাগুলোকে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ বা র‌্যাবের গোলাগুলির সময় ক্রসফায়ারে মৃত্যু বলে দাবি করে থাকে।' জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন, হত্যার হুমকি, মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার ঘটনা বেড়েছে বলেও মন্তব্য করা হয় প্রতিবেদনে। এতে বলা হয়, 'নির্যাতনের সঙ্গে জড়িতদের খুব কমই শাস্তির মুখোমুখি করেছে সরকার। পার পেয়ে যাওয়ার এমন পরিবেশের কারণে র‌্যাব, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের নির্যাতনের ঘটনা অব্যহত রয়েছে।' ২০০৭ সালের জানুয়ারি থেকে আগস্ট সময়ে তিন লাখেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয় গ্রেপ্তার হওয়া মানুষের সংখ্যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশেরও বেশি। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদন সম্পর্কে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ সরকার। পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখনো প্রতিবেদনটি পাইনি। এটি পড়ার পর প্রতিক্রিয়া জানানো হবে।" অন্যদিকে, ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী এখন সেনেগালে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এসএনডি/এমএ/১৮০৫ঘ.