২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে: যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশিত বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশে জরুরি অবস্থা জারি এবং জাতীয় নির্বাচন স্থগিত করায় মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 08:18 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশিত বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশে জরুরি অবস্থা জারি এবং জাতীয় নির্বাচন স্থগিত করায় মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করা হয়েছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস প্রকাশিত ২০০৭ সালের বার্ষিক মানবাধিকার বিষয়ক এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রাতবেদনে বলা হয়েছে, চলমান দুর্নীতি বিরোধী অভিযান জনপ্রিয়তা লাভ করলেও এসবের বিচার প্রক্রিয়ার বিষয়টি উদ্বেগের সৃষ্টি করেছে। প্রতিবেদনে বলা হয়, "বছরের শুরুতে জারি করা জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ (ইপিআর) এর কারণে সংবাদপত্রের স্বাধীনতা ও সমাবেশ করার স্বাধীনতা এবং জামিনের অধিকারসহ বিভিন্ন মৌলিক অধিকার চর্চা বন্ধ ছিল।" "বছরের প্রথম ছয়মাস সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে অঘোষিত গৃহবন্দী করে তাদেরকে বিদেশে নির্বাসনে পাঠানোর জন্য বেশ কয়েকবার পদক্ষেপ নেয়। পরবর্তীতে তাদের দুজনকেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা বিচারের অপেক্ষা করছেন।" সরকার গণমাধ্যমের উপরও বিধি নিষেধ আরোপ করে- জানিয়ে প্রতিবেদনটিতে বলা হয়,"প্রায় সময়ই সংবাদপত্রের মালিকানা ও খবরের বিষয়বস্তুর উপর সামরিক বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) সরাসরি হস্তক্ষেপ করে। এমনকি সরকার বা সেনাবাহিনীর বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদনের জন্য ডিজিএফআই সাংবাদিকদের প্রায়ই সাবধান করে দেয়।" প্রতিবেদনে বলা হয়,"নিরাপত্তা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে হত্যার ঘটনা আগের চেয়ে কমেছে।" নিখোঁজ ও অপহরন করার ঘটনা এখনও গুরুতর অভিহিত করে প্রতিবেদনটিতে কয়েকটি মানবাধিকার সংস্থার হিসেব দিয়ে বলা হয়, ২০০৭ সালে ২৩৫ জন ব্যক্তিকে অপহরণ করা হয়। অপহরনের এসব ঘটনার অসংখ্য হয়েছে রাজনৈতিক উদ্দেশে। আর মুক্তিপনের জন্য শিশু অপহরনও ছিল একটি বড় সমস্যা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/জিএনএ/১৪০০ ঘ.