রংপুর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার বদরগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে ঋণ নিয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় একজন গ্রাহকের ঘরের টিন, টিউবঅয়েল, টেবিল-চেয়ার, চৌকি, থালাবাসনসহ সব মালামাল জব্দ করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর গ্রামের নজরুল ইসলামের ঘরের এইসব মালামাল জব্দ করে ব্র্যাকের স্থানীয় কার্যালয়ের কর্মীরা।
সোমবার ব্র্যাকের বদরগঞ্জ এরিয়া ম্যানেজার সোলেমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বকেয়া কিস্তি পরিশোধ না করায় মালামাল জব্দ করে অফিসে নিয়ে আসা হয়েছে।"
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি ফরিদ হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাাপারে কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ করলে তিনি পদক্ষেপ নেবেন।
উপজেলা নির্বাহী কর্মর্তা জাকির হোসেন জানান, তিনি ঘটনাটি জানেন না।
এলাকাবাসী জানায়, নজরুল ইসলামের স্ত্রী হুরিয়া বেগম স্থানীয় ব্র্যাক কার্যালয় ব্র্যাকের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় পাঁচ হাজার টাকা এবং একটি গরু ঋণ নেন। তিনি নিয়মিত কিস্তির টাকাও পরিশোধ করে আসছিলেন। কিছু দিন থেকে আর্থিক অনটনের কারণে হুরিয়া বেগম কিস্তির টাকা পরিশোধ করতে পারছিলেন না। তিনটি কিস্তির টাকা বাকী পড়ে যায়। এই অবস্থায় হরিয়া বেগম ব্র্যাকের কাছ থেকে নেওয়া গরুটি এক প্রতিবেশির জিম্মায় রেখে কাজ করতে ঢাকায় চলে যায়।
কিস্তির টাকা পরিশোধ না করায় ব্র্যাক কর্মীরা বাড়িতে এসে তার স্বামী নজরুল ইসলামকে তাগাদা দেন। রোববার ব্র্যাক কর্মী হুমায়ুনের নেতৃত্বে একদল ব্র্যাক কর্মী নজরুলের ঘরের ২৩টিন, টিউবওয়েল, টেবিল- চেয়ার, চৌকি, দরজা, থালাবাসন, হাড়িপাতিল, বিছানার চাদর, কাঁথাসহ সব মাল জব্দ করে নিয়ে যায়।
ঘরের টিন ও অন্যান্য মাল নিয়ে যাওয়ার সময় নজরুল ইসলাম অনুরোধ করলে ব্র্যাক কর্মীরা মাল নিয়ে যান। তিনি মাল ফেরত চেয়ে ব্র্যাক কার্যালয়েও যান। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজনও ব্র্যাক কার্যালয়ে গিয়ে নজরুলের মাল ফেরত দিতে অনুরোধ জানায়।
নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার স্ত্রী ব্র্যাকের সদস্য হিসেবে ঋণ নিয়েছিল এবং কিস্তির টাকা পরিশোধও করে আসছিল। কিন্তু তিনটি কিস্তির টাকা দিতে না পারায় বাড়ির সমস্ত মালামাল ব্র্যাক কর্মীরা নিয়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24