ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে তিন লাখ টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে 'জাটকা সংরক্ষণ সপ্তাহ' শুরু করেছে সরকার। মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দার রোববার বলেছেন, দেশে ইলিশের সরবরাহ বাড়াতে সরকার প্রয়োজনে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধ করে দেবে।
মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে 'জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০০৮' উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মানিক লাল সমাদ্দার বলেন, "চাঁদপুর জেলার ষাটনল হতে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত এবং ভোলা জেলার মদনপুর, চর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত এলাকার নদী ও উপকূলীয় এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত এসব অভয়াশ্রমে ইলিশ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।"
তিনি বলেন, "ইলিশ যাতে চোরাপথে বিদেশে পাচার না হয়, সেজন্য সীমান্তগুলোতে বিশেষ তল্লাশির ব্যবস্থা করা হবে। জাটকা নিধন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ ব্যাপারে তৎপর থাকতে বলা হয়েছে।"
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "দেশের ১০০ নদীতে ইলিশ ও জাটকা পাওয়া যায়। তবে দেশের প্রধান ইলিশ আহরণ এলাকা হচ্ছে মেঘনা নদীর নিম্নাঞ্চল, তেঁতুলিয়া নদী, আড়িয়াল খাঁ নদীর নিম্নাংশ, ধর্মগঞ্জ, নয়াভাঙ্গামী নদীসহ মোহনা ও বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল। পলি জমার কারণে পদ্মা, ধলেশ্বরী, গড়াই, চিত্রা ও মধুমতির নাব্যতা কমে যাওয়ায় এসব নদীতে আগের মত ইলিশ পাওয়া যাচ্ছে না। এসব নদীতে ড্রেজিং করা প্রয়োজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে তাগিদ দেয়া হয়েছে।"
মানিক লাল সমাদ্দার বলেন, ইলিশ ধরা বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত জেলেদের পূর্নবাসনের জন্য সরকার চার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এছাড়া ভিজিএফ কার্ডের সুবিধাও দেওয়া হচ্ছে তাদের।
মৎস্য ও পশুসম্পদ সচিব সৈয়দ আতাউর রহমান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক রফিকুল ইসলাম, মৎস্য গবেষণা ইনস্টিটিউশনের মহাপরিচালক আব্দুল মজিদসহ উর্ধতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২২০০ ঘ.
bdnews24