মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন ও ভারতকে গ্যাস দেওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ থাকায় মিয়ামনার আপাতত বাংলাদেশে গ্যাস রপ্তানি করতে পারছে না বলে জানিয়ে দিয়েছে। দেশটিতে নতুন করে কোনও গ্যাসক্ষেত্রে আবিস্কৃত হলে তবেই তারা বাংলাদেশে রপ্তানির বিষয়টি বিবেচনা করবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম তামিম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিয়ানমার জানিয়েছে, এ মুহূর্তে বাংলাদেশকে দেওয়ার মতো গ্যাস তাদের নেই। নতুন গ্যাসক্ষেত্রে পাওয়া গেলে আমাদের বিষয়টি তারা বিবেচনা করবে।"
বাংলাদেশ সরকার আপাতত এ ব্যাপারে মিয়ানমারের সঙ্গে একটি সমঝোতা স্মারক করার কথা ভাবছে বলে জানান তিনি।
গ্যাসের চাহিদা মেটাতে সরকার মিয়ানমার থেকে গ্যাস আমদানির কথা ভাবতে শুরু করার পর গত ফেব্র"য়ারি মাসের মাঝামাঝি সময়ে পররাষ্ট্র সচিব এমডি তৌহিদ হোসেন মিয়ানমার সফর করেন। তিনি গ্যাস আমদানির ব্যাপারে আগ্রহ দেখানোর পর মিয়ানমার সরকার আপাতত গ্যাস দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় পরে মিয়ানমারের এ মতামত জ্বালানি বিভাগকে জানায়।
তবে জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোরন ডটকমকে বলেন, "সরকার এখনও মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়ে আশাবাদী। কারণ মিয়ানমার সাগরে অনুসন্ধান চালাচ্ছে। তারা নতুন গ্যাসক্ষেত্র পেলে আমদানির বিষয়টি সহজ হবে।"
মিয়ানমার রপ্তানির ব্যাপারে তাদের মনোভাব জানিয়ে দেওয়ার পর সরকার বিকল্প হিসাবে লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানির কথা ভাবছে বলেও জানান তিনি।
পেট্রোবাংলার হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে প্রতিদিন কমবেশি ১৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে।
দেশের সার কারখানাগুলোতে দৈনিক ২৮৯ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে ২৪০ মিলিয়ন ঘনফুট। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দৈনিক গ্যাসের চাহিদা ৮৪১ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে ৬৩৩ মিলিয়ন ঘনফুট।
পিডিবি জানিয়েছে, চাহিদামাফিক গ্যাস না পাওয়ায় প্রতিদিন গড়ে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। বোরবার এ কারণে ৫৮১ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২২০৬ ঘ.
bdnews24