চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়ার ৩৯ ঘন্টা পর চট্টগ্রামের ঘড়ি ব্যবসায়ী উৎপল কানুনগোর লাশ রোববার সকালে উদ্ধার করা হয়েছে। শাহ আমানত ব্রিজের কাছে সকাল সাড়ে আটটার দিকে তার লাশ ভেসে ওঠে।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে শাহ আমানত ব্রিজে বেড়ানোর সময় তার স্ত্রী কচি কানুনগো কর্ণফুলী নদীতে পড়ে গিয়েছিলেন। স্ত্রীকে বাঁচাতে তিনিও নদীতে ঝাঁপ দেন। মাঝিরা কচি কানুনগোকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও তখন তার খোঁজ মেলেনি। শনিবার রাত পর্যন্ত টানা অভিযান চালিয়েও ফায়ার সার্ভিস ও নৌ বাহিনী সদস্যরা তার লাশ উদ্ধার করতে পারেনি।
কর্ণফুলী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মো. আহাদ জানান, সকালে নদীতে লাশ ভেসে ওঠলে স্থানীয় লোকজন তাদের খবর দেয়। ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
তিনি জানান, সাঁতার না জানার কারণে পানিতে ডুবেই সম্ভবত ব্যবসায়ী উৎপলের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24