রাঙামাটি, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসী কিশোরী ধর্ষণের অভিযোগে রাঙামাটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের দুই প্রশিক্ষণার্র্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- উত্তর হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিসু কান্তি নাথ ও বাঘাইছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মাসুদ।
রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজিমূল হক জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। দুই শিক্ষককে থানা হাজতে রাখা হয়েছে।
রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান জানান, অভিযুক্ত দুই শিক্ষককে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগে বলা হয়, দুই আদিবাসী কিশোরী বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাঙামাটি পিটিআই ছাত্রাবাসের ছাদে উঠে কাঁঠাল মুচি পাড়তে যায়। তারা ছাদ থেকে নেমে আসার সময় টিসু কান্তি নাথ ও আল মাসুদ জোর করে কিশোরীদের কক্ষে নিয়ে যায়। টিসু কান্তি নাথ এক কিশোরীকে ধর্ষণ করে এবং আল মাসুদ তার কক্ষে অপর কিশোরকে আটকে রাখে।
বৃহস্পতিবার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটির নেতাকর্মীরা ঘটনার বর্ণনা দেন। তারা জানান, দুই কিশোরীকে অভিভাবকরা উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ জানান, ওই কিশোরীকে পরীক্ষার জন্য তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে দুই থেকে আড়াই মাস সময় লাগবে।
পিটিআই এর সুপারিন্টেন্ডেন্ট লক্ষ্মী ঘোষ জানান, পিটিআই ও ছাত্রাবাস বন্ধ। তাই আসলে কি ঘটেছে তা তিনি জানেন না। যদি দুই শিক্ষক এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন তবে তা লজ্জাজনক। অভিযোগ পেলে তাদের বহিষ্কার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24