নীলফামারী, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা সেচ প্রকল্পের ছোটখাতা এলাকা থেকে পাথর উত্তোলনের দায়ে ১০ পাথর ব্যবসায়ীকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার নীলফামারী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ মুহাম্মদ লুৎফর রহমান এই রায় দেন।
দণ্ডিতরা হলেন- গোলজার হোসেন (৪৮), লক্ষীচরণ রায় (৩০), আব্দুল লতিফ (৩৮), দেলওয়ার হোসেন (৪০), আব্দুল মালেক (৩৫), নওয়াব আলী (৪৫), সাহেদ আলী (৩৮), মজিবর রহমান (৪০), তাইয়েজ উদ্দীন (৩২) ও ডালিয়া এলাকার ভেদু মামুদ। এরা সবাই কারাগারে আছেন।
জেলার ডিমলা উপজেলার ১০জন পাথর ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তিস্তা সেচ প্রকল্পের ছোটখাতা এলাকার ভু-গর্ভ থেকে পাথর উত্তোলন করে আসছিলেন। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের শাখা কর্মকর্তা তোবারক হোসেন ২০০৫ সালের ২৫ এপ্রিল ১৭জনের বিরুদ্ধে পাথর উত্তোলনের অভিযোগে ডিমলা থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মজিবর রহমান তদন্ত শেষে ১০জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৭ ঘ.
bdnews24