২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনের সরকারি পরিকল্পনা সম্পর্কে কিছুই জানে না ইসি

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সরকারি পরিকল্পনা সম্পর্কে নির্বাচন কমিশন কিছুই জানে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। বুধবার খুলনায় একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ঘোষণা দেন, মে মাসে একশ উপজেলা পরিষদে নির্বাচন হবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 08:56 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সরকারি পরিকল্পনা সম্পর্কে নির্বাচন কমিশন কিছুই জানে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। বুধবার খুলনায় একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ঘোষণা দেন, মে মাসে একশ উপজেলা পরিষদে নির্বাচন হবে। এ বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "আমি তো কিছুই জানি না। উনি (স্থানীয় সরকার উপদেষ্টা) ঘোষণা দিলেন, উনাকেই জিজ্ঞেস করুন।" এ সময় সেখানে উপস্থিত আরেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "উনিতো (স্থানীয় সরকার উপদেষ্টা) নির্বাচন দিয়েই দিয়েছেন।" পরে বিকাল ৩টায় নির্বাচন কমিশন এক অনির্ধারিত বৈঠকে বসে। ওই বৈঠকে যোগ দেওয়ার আগে ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "আগে আমরা নিজেরা উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আলোচনা করি, তারপর আপনাদের বলব।" অপর কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, "আমাদের কাছে আগে উপজেলা নির্বাচনের প্রস্তাব আসুক, তারপর সেটা আমরা দেখব।" এর আগে সোমবার সিইসির সঙ্গে এক বৈঠক শেষে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেছিলেন, "যেসব স্থানে ভোটার তালিকার কাজ শেষ হয়েছে, সেসব এলাকায় জাতীয় সংসদ নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন করা যায়।" সিইসিও জানিয়েছিলেন, উপজেলা নির্বাচন আইনের সংশোধনীর বিষয়টি এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। অবশ্য সিইসি শামসুল হুদা সেদিন সাংবাদিকদের বলেছিলেন, "আমরা উপজেলা নির্বাচন আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে এ নির্বাচন সংসদ নির্বাচনের আগে হবে, না একই সঙ্গে হবে, তা এখনো ঠিক করা হয়নি।" এদিকে নাম প্রকাশ না করার শর্তে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, কমিশন এ মাসের মধ্যেই উপজেলা নির্বাচন আইনের খসড়া চূড়ান্ত করতে চায়। আর এ আইনের মাধ্যমেই উপজেলা নির্বাচন অনুষ্ঠানের এখতিয়ার কমিশনের হাতে আসবে। ১৯৮৫ সালে দেশে উপজেলা পরিষদ পদ্ধতি প্রবর্তিত হওয়ার পর ওই বছরই সারাদেশে ৪৮২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। পাঁচ বছর মেয়াদী উপজেলা পরিষদগুলোর সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালে। ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদ সরকারের পতনের পর উপজেলা ব্যবস্থার ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত বিএনপি সরকার উপজেলা নির্বাচনের কোনো আগ্রহ দেখায়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়। ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর প্রণিত হয় উপজেলা আইন। ১৯৯৯ সালের ১ ফেব্র"য়ারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে থেকে তা কার্যকর হয়। আইনে প্রজ্ঞাপন জারির ১৮০ দিনের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও সেই নির্বাচন আর হয়নি। পরে ২০০১ সালে আইনটি সংশোধন করে ১৮০ দিনের পরিবর্তে প্রজ্ঞাপন জারির ৩৩০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা হয়। কিন্তু সেসময় সরকার নির্বাচন অনুষ্ঠানের কোনো উদ্যোগ আর নেয়নি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুনর্গঠিত নির্বাচন কমিশন ২০০৭ সালের ১৫ জুলাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। এতে বলা হয়েছে, ২০০৮ সালের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/কিউএইচ/এএল/জেকে/১৮০৫ ঘ.