২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা পরিষদের বৈঠক ঘিরে বরিশালে নিরাপত্তা জোরদার

উপদেষ্টা পরিষদের বৈঠক ঘিরে বরিশাল নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজে বৈঠকটি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 11:17 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

বরিশাল, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপদেষ্টা পরিষদের বৈঠক ঘিরে বরিশাল নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজে বৈঠকটি হবে। ঢাকার বাইরে উপদেষ্টা পরিষদের এ বৈঠকে যোগদানের পাশাপশি প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ঝালকাঠির রাজাপুর এবং পটুয়াখালীর গলাচিপায় সুধী সমাবেশে বক্তব্য রাখবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বরিশাল নগরীর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর রক্ষা প্রাচীরে চুনকাম এবং রাস্তাঘাট সংস্কার চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য পুরো নগরীকে নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার খান সাঈদ হাসান সাংবাদিকদের জানিয়েছেন, নগরীতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ নিরাপত্তার জন্য এসএসএফ এবং পিজিআরের সদস্যরা সার্কিট হাউজসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। সহকারী পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠক উপলক্ষে খুলনা মেট্রোপলিটন এবং রেঞ্জের প্রায় ৬০০ পুলিশ সদস্য ২ মার্চ থেকে বরিশালে অবস্থান করছেন। বরিশালের জেলা প্রশাসক মো. মঞ্জুর-ই-এলাহী জানান, আইন-শৃঙ্খলার বিষয়ে বুধবার দুপুরে সার্কিট হাউজে প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা প্রশাসন জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় প্রধান উপদেষ্টা হেলিকপ্টারে চড়ে বরিশাল বিমান বন্দরে নামবেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার বিকালে প্রধান উপদেষ্টা ঝালকাঠির রাজাপুরে সুধী সমাবেশে যোগ দেবেন। পরদিন তিনি পটুয়াখালীর গলাচিপায় মতবিনিময় সভায় অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৮ ঘ.