ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- একটি মামলার আসামি হওয়ায় বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) কর্মকর্তা, চট্টগ্রাম টেলিযোগাযোগ অঞ্চলের পরিচালক মো. তৌফিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
৩ মার্চ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
ডাক ও টেলিযোগযোগ সচিব ইকবাল মাহমুদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ৪ ডিসেম্বর রমনা থানায় দায়ের হওয়া ফৌজদারি দণ্ডবিধির একটি মামলার কারণে মো. তৌফিককে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ তার আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার তারিখ ৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে বলে বিটিটিবি কর্মকর্তারা জানান।
গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি গত বছরের সেপ্টেম্বর মাসে যে ৮০ জনকে 'সন্দেহভাজন দুর্নীতিবাজের' তালিকাভুক্ত করে তাতে মো. তৌফিকের নাম ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২১৫৬ ঘ.
bdnews24