ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল তাজুল ইসলামকে প্রত্যাহার করে সেনাাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়। এনএসআইয়ের মহাপরিচালক পদে তাৎক্ষণিকভাবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
তাজুল ইসলামকে গত বছরের ২৪ জানুয়ারি এনএসআই প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার উপ-সচিবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু রদবদল করেছে।
উপ-সচিবদের মধ্যে জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) উপ-পরিচালক মো. হেলালউদ্দিনকে পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (বিপিআই) সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত উপ-সচিব ফকির জামাল উদ্দিনকে বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব রাকিব হোসেনকে সিকিউরিটি প্রিন্টিং প্রেসের উপ-নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের রফিকুল ইসলামকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ও শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব সামসুল হককে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
শিক্ষা ক্যাডারে চার কর্মকর্তাকে ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর ও সহকারী কিউরেটরের পদে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।
এদের মধ্যে কুমিল্লার চিওড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক শ্রাবণী পালকে কিউরেটর এবং টাঙ্গাইলের করটিয়া সরকারি সা'দত কলেজের প্রভাষক মোহসীন মোল্লা, দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের প্রভাষক নূর-এ জান্নাত ও ময়মনসিংহ গৌরিপুর সরকারি কলেজের প্রভাষক আফসানা শারমিনকে সহকারী কিউরেটর নিয়োগ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএইচবি/২১১৩ ঘ.
bdnews24