ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর এলাকার ধূপখোলা মাঠের পাশের একটি গাছ থেকে মঙ্গলবার এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম রোমান। ১৩ বয়সী রোমানের পরিবারের ধারণা, সে আত্মহত্যা করেছে।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে ধূপখোলা মাঠের উত্তর পাশের একটি গাছ থেকে রোমানের লাশ উদ্ধার করা হয়। লাশটি গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ঝুলছিল।
তিনি জানান, রোমান নারিন্দার একটি হোটেলে থালা-বাসন ধোয়ার কাজ করত। গত ৫ দিন ধরে সে নিখোঁজ ছিল।
পুলিশ কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, "রোমানের মা জাহানারা বেগম পুলিশকে জানিয়েছেন, তার ছেলে মানসিক রোগী। অনেক সময় কাউকে না বলে বাসা থেকে বের হয়ে যেত এবং ৬/৭ দিন পর ফিরে আসত।"
পুলিশ জানায়, মায়ের ধারণা রোমান আত্মহত্যা করেছে।
তবে রোমান আত্মহত্যা করেছে, না তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে বলে নাসির উদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫৪৪ ঘ.
bdnews24