ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থ মন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় দ্রুত আদালতে সম্পুরক অভিযোগপত্র দিতে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'চাঞ্চল্যকর হত্যা মামলা মনিটরিং সেল'এর সভায় এ নির্দেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে সেলের ৫৮তম এ সভায় কিবরিয়া হত্যা মামলাটির বিষয়ে তার পরিবারের মনোভাব ও এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
সভা শেষে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম জানান, আগের সভায় আলোচিত ১০টি মামলার অগ্রগতি ছাড়াও নতুন ১০টি মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে সভায়। এ ছাড়া আগামী সভায় উত্থাপনযোগ্য ছয়টি মামলাও আলোচনায় আসে।
তিনি বলেন, "সাবেক অর্থ মন্ত্রী কিবরিয়া হত্যা মামলা নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা শেষে তদন্তকারী কর্মকর্তাকে দ্রুততম সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগপত্র দিতে বলা হয়েছে।"
সভায় অংশ নেওয়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, কিবরিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সভায় মামলার তদন্ত নিয়ে কিবরিয়া পরিবারের মনোভাব তুলে ধরেন। তিনি জানান, কিবরিয়ার পরিবার আগের কয়েকবারের মতো এবারও মামলাটির তদন্তে তাদের আস্থা না থাকার কথা জানিয়েছেন। তারা দ্রুততম সময়ে গ্রহণযোগ্য তদন্ত সম্পন্ন করার কথা বলেন।
নতুন যে ১০টি মামলা নিয়ে সভায় আলোচনা হয়েছে, সেগুলো হলো- কুমিল্লার স্কুলছাত্র মিনহাজুল আবেদিন তানিম হত্যা, মিরপুরের এক নম্বর সেকশনে ডাকাতি ও দুইজন হত্যা, নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজি নিয়ে ছিনতাইকারীর হাতে দুইজন হত্যা, বসুন্ধরা গ্র"পের পরিচালক হুমায়ুন কবির ওরফে সাব্বির হত্যা মামলা, চট্টগ্রামে বিজিএমইএ'র সদস্য মোহসীন রিয়াসত সোবহান হত্যা, ঢাকার অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যা, মিরপুরের ব্যবসায়ী কাজী শহিদুল্লাহ হত্যা, ধানমন্ডির কাজী সুহিন নাহার হত্যা, যশোরের পাক্ষিক 'হক প্রতিবাদ' পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল উদ্দিন হত্যা, এবং গাজীপুরের ধষণের পর হাসনা হেনার আত্মহত্যা মামলা।
সভায় র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ বিভিন্ন সংস্থা ও গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচবি/২১২১ ঘ.
bdnews24