খুলনা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় আরও দুই জনের সাক্ষ্য নিয়েছে আদালত।
বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বারেকুজ্জামানের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ চলে। সাক্ষ্য গ্রহণ শুরুর আগে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে উল্লেখ করে আসামি পক্ষের আইনজীবীরা মামলাটির কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানান। তবে আদালত তা নাকচ করে দেয়।
কারাবন্দি মেয়র তৈয়েবুরকে এদিনও আদালতে হাজির করা হয়।
বুধবার শুনানির শুরুতেই মেয়রের আইনজীবী আবদুল মালেক, শেখ মঞ্জুরুল আলম নুরুল হাসান রুবা আদালতকে জানান, এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বিচারক মো. বারেকুজ্জামান জানতে চান, এতে কী আদেশ হয়েছে।
তখন আইনজীবীরা জানান, হাইকোর্ট বেঞ্চ দুই সপ্তাহ পর তাদের সিদ্ধান্ত জানাবেন।
মেয়রের আইনজীবীরা আদালতে এ সময় দুই সপ্তাহের সময় চান।
এ পর্যায়ে সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এস এম শামীমউজ্জামান আদালতকে বলেন, জরুরি অবস্থা চলাকালে এ বিধিমালা বা বিধি ১৪ এবং ১৫ উল্লেখিত কোনও আইনের অধীন কোনও মামলার বিচার কাজ আদালত শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত একটানা চলবে। তবে আদালত কোনও পক্ষের আবেদনে সন্তুষ্ট হয়ে ন্যায়বিচারের স্বার্থে বিচার কাজ মুলতবি করার প্রয়োজন মনে করলে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত বিচার কাজ মুলতবি করতে পারবেন।
দুই পক্ষের বক্তব্য শুনে আদালত মেয়রের আইনজীবীদের আবেদন নাকচ করেন।
এরপর মেয়রের আইনজীবীরা মামলার বাদি কেএমপির নগর শাখার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানীকে পুনরায় জেরার আবেদন জানালে আদালত তাও নাকচ করে। এরপর আদালতে যথারীতি সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
এদিন সাক্ষ্য দেন খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কেশব চক্রবর্তী ও চিংড়ি ব্যবসায়ী ফেরদৌস আলম মিলন।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা শিবু প্রসাদ দত্তের সাক্ষ্য নেওয়া হবে। তিনিই এ মামলার সর্বশেষ সাক্ষী।
বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ তৈয়েবুর রহমানকে গত বছরের ২ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন তার খুলনার বাসায় অভিযান চালিয়ে চার বোতল বিদেশি মদ ও লাইসেন্স বিহীন একটি শটগান উদ্ধার করা হয়।
অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় সেদিনই পুলিশ বাদি হয়ে মেয়রের বিরুদ্ধে মামলা করে। তৈয়েবুর রহমানের বিরুদ্ধে এছাড়াও চাঁদাবাজির অভিযোগে আরও কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০৫ ঘ.
bdnews24