নড়াইল, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে আদালতে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার হাসপাতালের দুই চিকিৎসক এবং দুই সেবিকার বিরুদ্ধে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগটি করেন মৃতের ছেলে গোলাম রাব্বানী।
অভিযুক্তরা হলেন- ডা. মো. সাজ্জাদ হোসেন, ডা. আ ফ ম মশিউর রহমান বাবু, সেবিকা হালিমা খাতুন ও নিরুপমা।
হাকিম মো. মোশারফ হোসেন অভিযোগটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
অভিযোগে বলা হয়, সদর উপজেলার চাচড়া গ্রামের ইকবাল হোসেন বিশ্বাসকে (৮০) ১৪ ফেব্র"য়ারি সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওই চিকিৎসক ও সেবিকারা প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে ডা. সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইকবাল হোসেন বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও তার মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে রোগীর আত্মীয় স্বজন তার ওপর হামলা চালালে তিনি এবং দুজন সেবিকা আহত হন।
এ ঘটনায় তিনি ১৫ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম বিশ্বাস, জিল্লুর রহমান ও শিমুল বিশ্বাসকে আটক করে বলে তিনি জানান।
ডা. সাজ্জাদ দাবি করেন, তার করা মামলা থেকে রেহাই পেতেই গোলাম রাব্বানী আদালতে এই অভিযোগ করেছেন।
ডা. আ ফ ম মশিউর রহমান বাবু তার বিরুদ্ধে করা অভিযোগকে সম্পুর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।
এ ব্যাপারে নড়াইলের সিভিল সার্জন ডা. মো. রেজওয়ানুল হক এবং সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সঞ্জিত কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তারা শুনেছেন। তবে এখনও বিস্তারিত জানেন না।
সদর থানায় দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. রহমান জানান, অভিযোগ সংক্রান্ত কোন নথি এখনও থানায় পৌছায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.
bdnews24