২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি ছাড়া জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন: গিয়াস উদ্দিনের উদ্ভাবন

জ্বালানি ছাড়াই জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সবাইকে অবাক করে দিয়েছেন ঝিনাইদহের গিয়াস উদ্দিন কচি। তার উদ্ভাবিত এই প্রযুক্তি ব্যবহার করে শুধু ক্ষুদ্র আঙ্গিকেই নয়, বৃহৎ পরিসরেও বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে তিনি দাবি করেছেন। এজন্য যন্ত্রপাতির ব্যয় ছাড়া আর কিছুই লাগবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 11:03 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি ছাড়াই জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সবাইকে অবাক করে দিয়েছেন ঝিনাইদহের গিয়াস উদ্দিন কচি। তার উদ্ভাবিত এই প্রযুক্তি ব্যবহার করে শুধু ক্ষুদ্র আঙ্গিকেই নয়, বৃহৎ পরিসরেও বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে তিনি দাবি করেছেন। এজন্য যন্ত্রপাতির ব্যয় ছাড়া আর কিছুই লাগবে না। শনিবার সকালে চিটাগাং চেম্বার আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়াস উদ্দি কচি তার উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে এক হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেখান। তিনি আট'শ ওয়াটের একটি ড্রিল মেশিন চালিয়ে এবং পাঁচশ ওয়াটের একটি বাতি জ্বালিয়ে উপস্থিত সবাইকে অবাক করে দেন। কালিগঞ্জের ছেলে গিয়াস উদ্দিনের বয়স এখন ৩৭ বছর। মাধ্যমিকের পর আর পড়া হয়নি। পেশা হিসেবে বেছে নিয়েছেন সাইনবোর্ড, ব্যানার লেখার কাজ। বছর তিনেক আগে তিনি চট্টগ্রামে আসেন। স্কুলে পড়ার সময়েই তার মাথায় আসে জ্বালানি ছাড়া বিদ্যুৎ তৈরির ভাবনা। সেই ভাবনাটি সতের/আঠার বছর ধরে লালন করেছেন আর কাজ করে গেছেন। মাস কয়েক আগে সফল হয়েছেন তিনি। গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে শুধু বাড়ি ঘরে নয়, শিল্প কারখানাতেও অবিরাম বিদ্যুৎ সরবরাহ সম্ভব। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বৃহৎ পরিসরে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডেও সরবরাহ সম্ভব বলে তিনি দাবি করেন। তার উদ্ভাবিত প্রযুক্তিতে একবার জেনারেটর চালু ও মোটর ঘুরতে শুরু করলেই বিদ্যুৎ উৎপাদিত হতে থাকবে। তিনি বলেন, "প্রথমবার বিদ্যুতের সাহায্যে কিংবা হাতে ঘুরিয়ে জেনারেটর চালু করতে হবে। তবে কয়েক সেকেন্ড পর থেকেই তা নিজেই বিদুৎ উৎপাদন করবে এবং জেনারেটর ও মটর দুটোই চলতে থাকবে উৎপাদিত বিদ্যুতের সাহায্যে।" কচি বলেন, "এই প্রযুক্তিতে তৈরি বিশেষ যন্ত্রটি শুধু চালু করতেই কয়েক সেকেন্ডের জন্য বিদ্যুৎ সংযোগ বা ব্যাটারির সাহায্য নিতে হবে এরপর এটি বিরামহীনভাবে ক্যাবলে বিদ্যুৎ সরবরাহ করতে থাকবে। মোট উৎপাদিত বিদ্যুতের ২০ শতাংশ জেনারেটর ও মোটর চালাতে ব্যয় হবে। বাকীটা সরবরাহ করা যাবে।" তিনি এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে তিন হাজার, পাঁচ হাজার এবং সর্বোচ্চ ১০ হাজার কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছেন। তার উদ্ভাবিত এই প্রযুক্তির উন্নয়ন ও উৎকর্ষ সাধন করা গেলে ১০ থেকে ৫০ মেগাওয়াট কিংবা 'আনলিমিটেড' বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে তিনি দাবি করেন। এই পদ্ধতিতে ২২০ ভোল্ট কিংবা ৪২০ ভোল্টের বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলেও তিনি জানান। গিয়াস উদ্দিন কচি জানান, তিনি নিজের উদ্ভাবিত ট্রান্সফরমার, বেশ কিছু বিশেষায়িত সার্কিট ও ডিভাইস ব্যবহার করেছেন। মাত্র এক লাখ টাকার সরঞ্জাম দিয়ে ১০ হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তিনি বলেন, "স্কুল জীবন থেকেই আমি ভাবতে থাকি জেনারেটরে উৎপাদিত বিদ্যুতে বাতি জ্বলে, ফ্যান ও শিল্প কারখানার ভারী যন্ত্রপাতি চলে। কিন্তু একই বিদ্যুৎ দিয়ে জেনারেটর নিজেও কেন চলবে না। সে চিন্তা থেকেই জ্বালানি ছাড়া বিদ্যুৎ উৎপাদনের ভাবনাটি আমাকে পেয়ে বসে। আমার চিন্তা অনেকের কাছে উদ্ভট ঠেকলেও আমি হাল ছাড়িনি।" তিনি বলেন, "প্রথম গবেষণার বিষয় ছিল একজোড়া পেন্সিল ব্যাটারি এবং ক্যাসেট প্লেয়ারের দুটি মটর, যা দিয়ে একটি সূত্র তৈরি করি। সূত্রটি হল- সমন্বিত চক্রাকার ব্যবস্থায় শক্তি কখনই নিঃশেষ হবে না এবং শক্তির উৎস হবে অফুরন্ত। তবে ক্ষেত্র বিশেষে শক্তি কিছুটা খর্ব হতে পারে। চেষ্টার এক পর্যায়ে হিসেব নিকেষ করে এমন পর্যায়ে উপনীত হই যাতে জ্বালানি ছাড়া বিদুৎ উৎপাদন সম্ভব।" পেশাগত প্রয়োজনে তিন বছর আগে চট্টগ্রামে আসার পর জনকন্ঠের সাংবাদিক হাসান নাছিরের সহায়তায় চেম্বারের সহসভাপতি এম এ লতিফের সঙ্গে এই বিষয়ে তার কথা হয়। তিনি এই প্রযুক্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আর্থিক সহায়তায় এগিয়ে আসেন। আর্থিক সহায়তা পাওয়ার পর চট্টগ্রামে বাইসাইকেলের ডায়নামো দিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। একইসঙ্গে তৈরি করেন নিজস্ব ফর্মুলার একটি ট্রান্সফরমার। গিয়াস উদ্দিন জানান, অন্য ট্রান্সফরমারের সঙ্গে তার উদ্ভাবিত ট্রান্সফরমারের পার্থক্য হলো প্রচলিত ট্রান্সফরমারের একপাশ দিয়ে বিদ্যুৎ প্রবেশ করে এবং অপরদিক দিয়ে সমান্তরালে চলে যায়। কিন্তু তার ট্রান্সফরমারে বিদ্যুৎ একপাশ দিয়ে প্রবেশ করে এবং অপর পাশ দিয়ে বেরিয়ে আবার তা ট্রান্সফরমারে যাবে। চক্রাকারে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকায় বন্ধ না করা পর্যন্ত জেনারেটর ও মটর চলতে থাকবে। এই ক্ষেত্রে উৎপাদিত বিদ্যুতের কিছু অংশ খরচ হবে জেনারেটর ও মটর চালাতে। এর ফলে জ্বালানি খরচ ছাড়াই জেনারেটর ও মটর চালানো সম্ভব হবে। তিনি দাবি করেন, এ প্রযুক্তিতে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব। বৃহৎ পরিসরে এটি আরও অধিক মাত্রায় সফল হবে। এই উদ্ভাবককে পৃষ্ঠপোষকতা করছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের সিনিয়র সহ সভাপতি এম এ লতিফ। তিনি গিয়াস উদ্দিনকে একটি গবেষণাগার তৈরি করে দিয়েছেন। যেখানে দশ হাজার কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে সক্ষম হয়েছেন গিয়াস উদ্দিন। এম এ লতিফ বলেন, "প্রথম দিকে বিষয়টি আমি নিজেও হেসে উড়িয়ে দেই। কিন্তু গিয়াস উদ্দিন পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে বললে আমি উৎসাহী হয়ে এই প্রকল্পে এগিয়ে আসি। সরকারি স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতা পেলে দেশের বিদুৎ ঘাটতি মেটাতে এই প্রযুক্তি সহায়ক হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পেটেন্টসহ এই প্রযুক্তির উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট মহলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। এম এ লতিফ বলেন, "সরকারি বা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে এই প্রযুক্তি প্রয়োগ খুবই সহজ। কারণ এতে স্থাপনা এবং আউটপুট সিস্টেম ঠিক থাকবে। শুধু পাল্টে যাবে এর উৎস, যেখানে কোন জ্বালানি পোড়াতে হবে না। গিয়াসউদ্দিন দাবি করেন দেশে কিংবা বিদেশে এখন পর্যন্ত এই ধরনের কোন কাজ হয়নি। জাতীয় পর্যায়ে অবদান রাখতে তিনি এই প্রযুক্তি ব্যবহারে সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৬৩৮ ঘ.