সাতক্ষীরা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল ঝড়ে বঙ্গোপসাগর সংলগ্ন আখোর কোলে ৫টি নৌকা ডুবে নিখোঁজ আট জেলের মধ্যে দুজনের লাশ শুক্রবার উদ্ধার করা হয়েছে। ২০ ফেব্র"য়ারি সকাল ৯টায় এই ঘটনা ঘটে।
ওই এলাকা থেকে ফিরে আসা জেলেরা জানান, গত ১৪ ফেব্র"য়ারি সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়াথিনী ফরেস্ট স্টেশন থেকে ৮ জন জেলে মাছ ধরার পাস নেন। তারা ৫টি মাছ ধরা নৌকায় বঙ্গোপসাগরের কাছে সুন্দর বনের আখোর কোলে যায়। সেখানে মাছ ধরা অবস্থায় তারা ২০ ফেব্র"য়ারি ঝড়ের কবলে পড়েন।
এক পর্যায়ে নৌকা ৫টি ডুবে গেলে আট জেলেই নিখোঁজ হন। এর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- আশাশুনি উপজেলা প্রতাপনগর গ্রামের আহাদ আলী (২৫), সোহরাব (৩০), আবুল কাশেম (৪৫), রহমত (৩২) ও শ্যামনগর উপজেলার গড়কুমারপুর গ্রামের মঈনুল (২০)।
এর মধ্যে মঈনুল ইসলাম ও আহাদের লাশ জেলেরা উদ্ধার করে। শুক্রবার তাদের দাফন করা হয়েছে।
পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, মাছ ধরতে যাওয়া আট জেলের মধ্যে গড় কুমারপুর গ্রামের আহাদের লাশ জেলেরা সুন্দরবনের কাচিকাটা থেকে বৃহস্পতিবার বিকালে উদ্ধার করে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার রীজেস চাকমা জানান, নৌকাডুবিতে জেলেদের নিখোঁজ হওয়ার কথা তিনি শুনেছেন।
ফিরে আসা প্রতাপনগরের জেলে জাহেদ জানান, প্রবল ঝড়ে তার ভাই আহাদসহ আট জন আখোর কোল এলাকায় নৌকা ডুবে নিখোঁজ হন।
তার ভাই আহাদের লাশ বৃহস্পতিবার বিকালে জেলেরা সুন্দর বনের দাইর গাং এলাকা থেকে উদ্ধার করে।
জাহেদ আরও জানান, পাস নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া এসব জেলেদের লাশ উদ্ধারে এখনও সরকারিভাবে কোন উদ্যোগ নেয়নি।
মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা নিখোঁজ বাকী ছয় জেলেকে উদ্ধারের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
পুলিশ সুপার মির্জা আব্দুল্যাহ হেল বাকী জানান, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.
bdnews24