ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বাজারগুলোতে মুরগির দাম মোটামুটি স্থির থাকলেও খাসির মাংসের দাম বেড়েছে। 'বার্ড ফ্ল'ু আতঙ্কে ক্রেতারা মুরগি কেনা কমিয়ে মাছ বাজারে ভিড় করায় দাম বেড়েছে মাছেরও। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে বেড়েছে চিনির দাম। শুক্রবার রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নিমতলী, পলাশী বাজার ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজি প্রতি ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
নিমতলীর আনন্দ বাজারের স্বাধীন ব্রয়লার হাউজের মালিক আনসার আলী বলেন, লেয়ার মুরগির দাম কেজি প্রতি একই থাকলেও লাভের অঙ্কটা কম। দেশি মুরগি প্রতিটি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১৫০ টাকায়।
পলাশী বাজারের দোকানি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "বার্ড ফ্লু ভীতির জন্য মানুষ মুরগি কম কিনছে, তারপরও দাম একই রকম রয়েছে।"
আনন্দ বাজারের ডিম বিক্রিতা খোরশেদ আলী জানান, প্রতি হালি লাল-সাদা ডিম ১৬ টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহে দাম ছিল ১৪ টাকা। দেশি হাঁসের ডিম প্রতি হালি ২২ টাকা। যা আগের সপ্তাহে ছিল ২০ টাকা।
এদিকে মুরগির বিক্রি কমায় দাম বেড়েছে খাসির মাংসের।
আনন্দ বাজারের রহিম এন্ড সন্সের স্বত্তাধিকারী আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন "বার্ড ফ্লু আতঙ্কে মানুষ মুরগি খাচ্ছে না। এ কারণে খাসির মাংসের দাম একটু বাড়তি। আগের সপ্তাহে ২৫০ টাকায় বিক্রি হলেও আজ (শুক্রবার) ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।"
নিউমার্কেটের মাংস বিক্রিতা সামছুর রহমান জানান, গরুর মাংস ২০০ ও মহিষের মাংস বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।
খাসির মাংসের পাশাপাশি বেড়েছে মাছের দামও।
নিউ মার্কেটে বড় আকারের রুই মাছের কেজি ১৫০ থেকে ২০০ টাকা, নলা মাছ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, কাতলা মাছ ২৫০ টাকা, ইলিশ প্রতি হালি ৪০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি কই বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০০ থেকে ৩৫০ টাকায়। আর চাষের কই ২৫০ থেকে ৩০০ টাকায়। শিং মাছের কেজি ৪০০ এবং মাগুর মাছ ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ বাজারে মাছ কিনতে আসা শামসুন্নেছা সোমা ক্ষোভ প্রকাশ করে বলেন, "মাছের দাম আরো বেড়েছে। বাংলাদেশে একবার একটা জিনিসের দাম বাড়লে আর কমে না। এ অবস্থায় চলা যায় না।"
এদিকে হঠাৎ করেই বেড়েছে চিনির দাম। গত সপ্তাহেও চিনির কেজি ছিল ৩০ থেকে ৩২ টাকা। কিন্তু দাম বেড়ে এখন তা হয়েছে ৩৬ টাকা।
নিউমার্কেটের হোসেন স্টোরের ম্যানেজার মিজানুর রহমান বলেন, "পাইকারী বাজার থেকে আমাদের প্রতি কেজি চিনিতে দাম পড়ছে সাড়ে ৩৪ টাকা। এ কারণেই দাম বেড়েছে।"
পলাশী বাজারের হৃদয় স্টোরের মালিক হৃদয় সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "পাঁচ লিটারের বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল ৫১০ থেকে ৫২৫ টাকায় বিক্রি হচ্ছে। এ সপ্তাহে তেলের সরবরাহ একটু কম।"
আগের সপ্তাহে খুচরা বাজারে খোলা সয়াবিন তেল কেজি প্রতি ১০০ টাকায় বিক্রি হয়েছে। আর শুক্রবার তা ১০৪ টাকায় বিক্রি হয়েছে বলে জানান তিনি।
পলাশী বাজারের চালের দোকানে গিয়ে দেখা গেছে চালের দামের তেমন ওঠা-নামা হয়নি। চাল বিক্রেতা তানভীর হোসেন জানান, বাজারে মিনিকেট চাল মানভেদে ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। নাজিরশাইল বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪৫ এবং দেশি ও ভারতীয় মোটা চাল ৩২ টাকায়।
নিউমার্কেটের সফি স্টোরের মালিক মোফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে চাল আনার বিষয়টি এখনও বাজারে প্রভাব ফেলেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/২১৫৫ ঘ.
bdnews24