ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- খাস জমি উদ্ধার এবং ভূমি সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে সরকারকে একটি রূপরেখা তৈরির তাগিদ দেওয়া হলো শুক্রবার ভূমি আইন সংক্রান্ত এক বইয়ের প্রকাশনা উৎসবে। মো. নজরুল ইসলামের লেখা 'ভূমি আইনের সহজপাঠ' বইয়ের এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা ড. এএমএম শওকত আলী বলেন, "দেশের সর্বত্র খাস জমি যেভাবে বেহাত হয়ে যাচ্ছে তার প্রতিরোধে রূপরেখা প্রণয়ন জরুরি।" ভূমি ব্যবহার নীতির বাস্তবায়ন করা হলে বিদ্যমান সমস্যার অনেকটাই দূর হতো বলে মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, "১৯৯৬-২০০১ সালে সরকার ভূমি ব্যবহার নীতি করেছিল। কিন্তু এর বাস্তবায়ন একেবারেই হয়নি।"
তবে সরকারি ভূমি দখল রোধে টাস্কফোর্স বা কমিশন গঠনের আগে বেশ কিছু প্রাথমিক কাজ সারতে হবে বলে মত দেন তিনি।
'ভূমি আইনের সহজপাঠ' বইটি প্রকাশিত হয়েছে রিসার্চ ইনিশিয়েটিভস্, বাংলাদেশ (রিইব) এর সহযোগিতায়। ১১ খণ্ডের বইটির দাম ৬৭৫ টাকা।
রিইব চেয়ারম্যান ড. শামসুল বারি জানান, শনিবার থেকে বাংলা একাডেমির বইমেলায় বইটি পাওয়া যাবে। আগামীতে তা সুলভমূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে বলেও জানালেন তিনি।
অনুষ্ঠানে সিপিডির চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, নারীনেত্রী খুশি কবির, মো. আনিসুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল মজুমদার, বইটির লেখক মো. নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
রেহমান সোবহান বলেন, "যে দেশে জমি সোনা হয়ে যাচ্ছে, যে দেশে বাজার অর্থনীতি চলে, সে দেশে অর্থবানরা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে জমি দখল করে ফেলবে। দেশ এখন খুব সিরিয়াস সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখনই সরকারকে ভূমি সংস্কারে টাস্কফোর্স বা কোনো কমিশন করার উদ্যোগ নিতে হবে। সরকারের নিজস্ব জমি উদ্ধার করে তা কাজে লাগাতে হবে। আগামী সরকারের জন্যে তা চ্যালেঞ্জ থাকবে।"
আনিসুর রহমান বলেন, "সরকারের দুর্নীতি বিরোধী অভিযান বেশ উৎসাহব্যঞ্জক। তবে তা কেন শুধু শহরে হচ্ছে ? জমি-জলা দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আগামী ৩/৪ মাসের মধ্যে ভূমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভূমি সংস্কারের উদ্যোগ নেওয়া দরকার।"
রাশেদ খান মেনন বলেন, "দেশে যেসব মামলা হচ্ছে এর প্রায় ৮০ শতাংশই জমি সংক্রান্ত। মামলাকারীরা ভূমি আইন সম্পর্কে জানে না।" সহজবোধ্য করে বইটি লেখাটাকে একটি 'বড় কাজ' আখ্যায়িত করে তিনি বলেন, এখন সর্বস্তরের মানুষের কাছে তা পৌঁছে দেওয়া হবে আসল কাজ।"
বইয়ের লেখক নজরুল ইসলাম খান বলেন, "ভূমি আইন নিয়েই দেশের অধিকাংশ মামলা হয়। অনেকক্ষেত্রে স্বয়ং ম্যাজিস্ট্রেটও জানেন না কোন আইনে মামলা হয়েছে। তাই প্রয়োগ করতে পারেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২১১৭ঘ.
bdnews24