২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ দিন পর জিয়া সার কারখানায় উৎপাদন শুরু

দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সারকারখানা ১২ দিন বন্ধ থাকার পর শুক্রবার দুপুর ১টা থেকে উৎপাদন শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সারকারখানা ১২ দিন বন্ধ থাকার পর শুক্রবার দুপুর ১টা থেকে উৎপাদন শুরু করেছে। কারখানা ১২ দিন বন্ধ থাকায় গুদামে সারের মজুদ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ডিলারদের চাহিদা মত সার সরবরাহও করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে কারখানার আওতাধীন সাত জেলা- ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও সুনামগঞ্জে সারের চাহিদা মত সার পায়নি কৃষক। চলতি বছরের গত দুই মাসে কারখানা দু দফায় ২২দিন বন্ধ থাকার কারণে প্রতিদিন ১৬শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা হিসেবে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা মুল্যের প্রায় ৩৫ হাজার মেট্রিক টন সার উৎপাদন ব্যহত হয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অ্যাম্যুনিয়া প্লান্টের রিফরমার টিউব অতিরিক্ত গরম (ওভারহিট) হওয়ায় অগ্নিকাণ্ডের আশংকায় গত ১০ ফেব্র"য়ারি রাতে এক সপ্তাহের জন্যে কারখানা বন্ধ করে দেওয়া হয়। বিসিআইসি ও কারখানার প্রকৌশলীরা ১২দিন চেষ্টা করে আজ (শুক্রবার) দুপুরে কারখানা চালু করতে সক্ষম হন। কেন্দ্রীয় সার সমিতির পরিচালক মিজানুর রহমান জানান, কারখানার গুদামে পর্যাপ্ত সার মজুদ না থাকায় ইতোমধ্যে কুমিল্লা জেলার ৭৮ জন চাঁদপুরের ৩৫জন নেত্রকোনার ৪৪ জনসহ ১৫৭ জন ডিলারকে ১২ হাজার মেট্রিক টন সারের জন্যে চট্রগ্রাম ইউরিয়া কারখানায় পাঠানো হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জের ডিলারদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হচ্ছে না। ফলে ডিলাররা কৃষকদের চাহিদা মতো সার সরবরাহ করতে পারছেন না। তিনি আরও জানান, কারখানার আওতাভুক্ত সাত জেলার ডিলারদের মোট চাহিদা হচ্ছে ৬৮ হাজার মেট্রিক টন। আর এ পর্যন্ত সরবরাহ করা হয়েছে ৩৯ হাজার মেট্রিক টন। চট্রগ্রাম থেকে সরবরাহ করা হচ্ছে ১২ হাজার মেট্রিক টন। বর্তমানে জিয়া সারকারখানার গুদামে মজুদ আছে মাত্র চার হাজার মেট্রিক টন। অবশ্য কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি জানান, কারখানায় যেহেতু উৎপাদন শুরু হয়েছে তাই সার সংকটের আশংকা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.