ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হাজারো মানুষ।
কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে উন্মুখ ঢাকাবাসী ভিড় করছেন বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায়। ফুলের তোড়া আর ডালা সাজাতে বিরাম নেই শাহবাগের ফুলের দোকানগুলোতে। নীলক্ষেতের ব্যানার আঁকিয়েদের ব্যস্ততারও শেষ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাতুল ফেরদাউসও আছেন সেখানে।
তিনি জানান, একুশের প্রথম প্রহরেই শ্রদ্ধা নিবেদনের জন্য হাজার হাজার মানুষের ভিড় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শহীদ মিনার সংলগ্ন বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিরা।
বিএনপির খোন্দকার দেলোয়ার হোসেন, আসম হান্নান শাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম রাত সাড়ে ১০টার দিকে জিমনেসিয়ামে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষকরা আগে থেকে সেখানে আছেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও এসেছেন জিমনেসিয়ামে।
শাহবাগের ফুলের দোকানগুলোতে দারুণ ব্যস্ততা। ফুলপাড়ায় ভিড় করেছেন অনেকে। কেনা হচ্ছে ফুলের ডালা ও তোড়া। একসঙ্গে এতো ফুলের যোগান দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। পুষ্পাঞ্জলি ফুল দোকানের কর্মী মো. আতাউর জানালেন, একুশের রাতে ফুলের চাহিদার কথা মাথায় রেখে কয়েকদিন আগে থেকেই তারা প্রস্তুতি নিয়েছেন। তবে শেষ মুহূর্তের চাহিদামতো সরবরাহ কুলিয়ে উঠতে পারছেন না।
নীলক্ষেতের ব্যানারের দোকানগুলোতে আঁকিয়েদের কর্মব্যস্ততা।
সন্ধ্যা থেকেই শহীদ মিনারের আশপাশে রয়েছে নিরাপত্তার ঘেরাটোপ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় মোতায়েন আছে সেনাবাহিনী, বিডিআর, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কয়েক হাজার সদস্য।
সন্ধ্যা ৬টার পর বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবেশ পথে চলছে ব্যাপক তল্লশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমইউএ/জিএমএ/এসএনডি/এমএইচবি/২১২৪ ঘ.
bdnews24