২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের গ্যাস সঙ্কট কাটতে কমপক্ষে এক বছর লাগবে: ম. তামিম

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়াতে আগামী ডিসেম্বর নাগাদ জাতীয় গ্রিড থেকে প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রাম অঞ্চলে সরবরাহের উদ্যোগ নেয়া হচ্ছে। তবে সঙ্কট পুরোপুরি কাটতে কমপক্ষে এক বছর সময় লাগবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়াতে আগামী ডিসেম্বর নাগাদ জাতীয় গ্রিড থেকে প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রাম অঞ্চলে সরবরাহের উদ্যোগ নেয়া হচ্ছে। তবে সঙ্কট পুরোপুরি কাটতে কমপক্ষে এক বছর সময় লাগবে। জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম. তামিম বুধবার সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি চট্টগ্রামের গ্যাস সঙ্কট সমাধানের বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ম. তামিম বলেন, "চট্টগ্রামে গ্যাস সঙ্কট দূর করতে কমপক্ষে এক বছর সময় লাগবে। তবে সমস্যা যেন আরও প্রকট না হয় সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে আরও ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। এজন্য বাখরাবাদ ও বাঙ্গুরা থেকে ৩০ মিলিয়ন এবং গ্যাস সঞ্চালন লাইনে সরবরাহ ও চাপ সমন্বয় করে ১৫ মিলিয়ন গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।" গ্যাসের অভাবে বন্ধ থাকা রাউজান ও শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, বর্তমানে বেশি গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। তবে ডিসেম্বর নাগাদ সরবরাহ বাড়তে পারে। জ্বালানি মন্ত্রণালয় জানায়, সাঙ্গু গ্যাস ক্ষেত্রের উৎপাদন হ্রাস এবং সঞ্চালন লাইনে চাপ কমে যাওয়ার কারণে চট্টগ্রামে সরবরাহ কমে যাচ্ছে। চট্টগ্রামে দৈনিক প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে সরবরাহ করা হচ্ছে প্রায় ২৫০ মিলিয়ন ঘনফুট। গ্যাস সঙ্কটের কারণে ৩৬০ মেগাওয়াট ক্ষমতার রাউজান বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে দাঁড়িয়েছে একশ মেগাওয়াটে। শিকলবাহার দুটি বিদ্যুৎ ইউনিট বন্ধ রয়েছে। এছাড়া ময়মনসিংহের আরপিসিএল কেন্দ্রে গ্যাসের অভাবে ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। বৈঠকে জ্বালানি সচিব মোহাম্মদ মহসিন, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্টিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, বাখরাবাদ গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম, পেট্রোবাংলার দু'জন পরিচালকসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/২২১০ ঘ.