২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ২০

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুরে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

সিলেট, ফেব্র"য়ারি ২০ (বিডিনিজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুরে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। শিক্ষার্থীরা জানায়, দুপুর ২টার দিকে নৃবিজ্ঞান বিভাগের রানা নামে এক ছাত্র আরেক ছাত্রীর সঙ্গে কথা বলার সময় ছাত্রদল নেতা আবিদ আব্দুল্লাহ তাকে মারধর করে। ছাত্রলীগ নেতা মঞ্জুর বাধা দিলে আবিদের সঙ্গী ছাত্রদলকর্মীরা মঞ্জুরকেও মারধর করে। আবিদের দাবি, তার আত্মীয়া ছাত্রীটিকে রানা উত্যক্ত করছিল। ছাত্রলীগ এ ঘটনার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানায়। এর পর দুপুর আড়াইটার দিকে আবিদ আব্দুল্লাহর নেতৃত্বে ছাত্রদলকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। ছাত্রলীগকর্মীরাও সংগঠিত হয়ে পাল্টা হামলা চালায়। দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদলের শাহীন, রকি, মেহেদী, রুমেল, অয়ন ও ছাত্রলীগের আতিকুর রহমানন, পাপ্পু, আপেল, সোহেল, মতিসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এদের মধ্যে রাহাতকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপাচার্য এম আমিনুল ইসলাম বলেন, গতকাল (মঙ্গলবার) রসায়নের একজন ছাত্রী বাস থেকে পড়ে যাওয়ার ঘটনায় এমনিতেই ক্যাম্পাস উত্তপ্ত ছিল। তার ওপর আরেকটি মেয়েকে উত্যক্ত করার বিষয় নিয়ে মারামারি হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এখন বিশ্ববিদ্যালয় পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় অধ্যাপক আক্তারুল ইসলামকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান তিনি। প্রক্টর গোলাম আলী হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রী উত্যক্তের ঘটনায় এ সংঘর্ষের শুরু। পরে একে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। থানায় মামলা আছে এমন চিহ্নিত অপরাধীরাই এ ঘটনা ঘটিয়েছে। সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড রবার বুলেট ছোড়া হয়। ক্যাম্পাসে পুলিশ ও র‌্যাব মোতায়েন আছে। এ ঘটনায় মামলা দায়েরের সম্ভাবনা আছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/টিএইচ/এসএনডি/২০৫৩ ঘ.