ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী মার্চে সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার জন্য জরুরি অবস্থার বিষয়ে সিদ্ধান্ত নিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
বুধবার বিকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, "আমরা সরকারকে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে বলেছি। জরুরি অবস্থায় তো আর নির্বাচন হতে পারে না। প্রার্থীদের প্রচার চালানোর সুযোগ করে দিতে হবে।"
কমিশনের বাংলা ওয়েব সাইট "http://www.ecs.gov.bd" এর উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
কমিশন আগামী এপ্রিলে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য মার্চে তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে সিইসি বলেন, "এখন আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা তো প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির কথা বলেছি। সরকার এখন জরুরি অবস্থা প্রত্যাহার করবে, না কি শিথিল করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে, সেটা তাদের বিষয়।"
গত ৪ ফেব্র"য়ারি সিইসি ও অপর দুই নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে জরুরি অবস্থা তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছিলেন।
শামসুল হুদা সংবাদ সম্মেলনে বলেন, "আশা করছি, তফসিল ঘোষণার আগেই আমরা এ বিষয়ে কিছু জানতে পারবো।"
সিইসি জানান, সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনের দায়িত্ব কমিশনের হাতে দেওয়ার জন্য তৈরি করা আইনের খসড়ায় কিছু সংশোধন করে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন এটি চূড়ান্ত আইনে পরিণত করার দায়িত্ব সরকারের।
শামসুল হুদা জানান, কমিশনের পুরনো ওয়েব সাইটে পরিবর্তন আনা হয়েছে। এতে বাংলায় বিভিন্ন তথ্য সংযোজন করা হয়েছে। এই ওয়েব সাইটে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা, নির্বাচনী আইন সংস্কারের খসড়া ও চূড়ান্ত আইন, নির্বাচনে প্রার্থীদের তথ্যসহ নির্বাচন সম্পর্কিত বিভিন্ন সংযোজন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএ/১৭৩২ঘ.
bdnews24