নীলফামারী, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারের দাবিতে বিক্ষুব্ধ কৃষকদের হাতে লাঞ্চিত হয়েছেন সদর উপজেলার সোনারায় ইউনিয়নে দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা। মঙ্গলবার কালোবাজারে ইউরিয়া সারের স্লিপ বিক্রির অভিযোগে কৃষকেরা তাদের তাড়া করেন। পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সোনারায় ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল হামিদ সরকার জানান, নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের ৪টি ওয়ার্ডের দু' শতাধিক কৃষক ফেব্র"য়ারি মাসের ইউরিয়া সার না পেয়ে সকালে বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা ক্ষিপ্ত হয়ে ৯নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল হামিদ সরকার, ৭নম্বর ওয়ার্ড সদস্য কাশেম আলী, ৮নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান শাহ ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য নুরুজ্জামান শাহকে বাবুরহাটে ঘেরাও করেন। ইউপি সদস্যরা নানাভাবে কৃষকদের বোঝানোর চেষ্টা করে। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজমল হোসেন ও অক্ষয় কুমার ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ কৃষকেরা তাদের উপর চড়াও হয়ে লাঞ্চিত করেন।
খবর পেয়ে নীলফামারী সদর কৃষি কর্মকর্তা অলক কুমার ও সদর থানার উপ-পরিদর্শক রফিক দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সোনারায় ইউনিয়নের জয়চন্ডি গ্রামের অফুর উদ্দীনের ছেলে কৃষক লুৎফর রহমানসহ উপস্থিত শতাধিক কৃষক অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএস (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) ইরি-বোরো জমির তালিকা করার সময় জমির পরিমাণ দ্বিগুণ করেছেন। ৯নম্বর ওয়ার্ডে এক হাজার ৩৭৫ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদ হলেও বিএস সেখানে দেখিয়েছেন এক হাজার ৭২৪ হেক্টর। ভুয়া তালিকাভুক্ত জমির সারের স্লিপ কালোবাজরে বিক্রি করে তারা হাতিয়ে নিচ্ছেন টাকা। আর কৃষককেরা ক্ষেতে দেওয়ার জন্য ইউরিয়া পাচ্ছে না।
নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা অলক কুমার বলেন, ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব চাহিদা অনুযায়ী কৃষককে ইউরিয়ার সার দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৬ ঘ.
bdnews24