ভোলা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "দুর্নীতি বাংলাদেশের বড় কলঙ্ক এবং জাতীয় সমস্যা। ৩৬ বছরে যে সমস্যা তৈরি হয়েছে তা দুবছরে শেষ হবে না। তবে আমাদের কাজ করে যেতে হবে।" মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী ভোলায় এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি বলেন, "যারা দুর্নীতিগ্রস্ত তাদের ওপর মানসিক চাপ বাড়াতে হবে। তাহলে দুর্নীতি কমবে। সবাইকে মনে রাখতে হবে দুর্নীতি করলে ধরা পড়তে হবে।"
কবি মোজাম্মেল হক টাউন হলে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতি দমন কমিশনের দৃশ্যমান কার্যক্রম সকলের সামনে তুলে ধরতে হবে। কমিশনের জেলা ও উপজেলা কমিটি দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করবে। যদি আমরা ভাল কাজ করতে পারি তাহলে তা ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে।"
সভায় স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আবু তালেব মিয়া, পুলিশ সুপার জিএম আজিজুর রহমান, অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫২৩ ঘ.
bdnews24