২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ৪১ গ্রেনেড উদ্ধার: গ্রেপ্তার দুই জঙ্গি জেলহাজতে

সাতক্ষীরায় ৪১টি গ্রেনেড উদ্ধারের ঘটনায় করা মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি মঈনউদ্দিন শেখ ওরফে আবু জান্দাল ও নজরুল ইসলাম ঘরামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

সাতক্ষীরা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় ৪১টি গ্রেনেড উদ্ধারের ঘটনায় করা মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি মঈনউদ্দিন শেখ ওরফে আবু জান্দাল ও নজরুল ইসলাম ঘরামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দেবহাটা থানা পুলিশ তাদের সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে। তবে রিমান্ডের আবেদন না থাকায় হাকিম রানু বিলকিস বানু দুই জঙ্গিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় শ্যোন আরেস্ট দেখিয়ে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জান্দাল ও নজরুলকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে। সিআইডির একটি দল তাদেরকে যে কোনো সময় ঢাকায় নিয়ে যাবে। তিনি আরও জানান, র‌্যাবের একটি দল শনিবার রাতে জঙ্গিনেতা নজরুল ইসলাম ঘরামি ও আবু জান্দালকে দেবহাটা থানায় নিয়ে আসে। ওই রাতে খুলনা র‌্যাব-৬ এর কর্মকর্তা উপ-পরিদর্শক কে এম তরিকুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। শুক্রবার রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রামের নজরুল ইসলাম ঘরামির বাড়ি থেকে ৪১টি গ্রেনেড উদ্ধার করা হয়। গ্রেনেডগুলোর সঙ্গে ২১ আগস্টের হামলায় ব্যবহৃত গ্রেনেডের মিল রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নানের সহযোগী আবু জান্দালের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার জান্দালকে গ্রেপ্তার করা হয় গাজীপুর থেকে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে গ্রেনেড হামলায় দলের মহিলা সম্পাদিকা আইভি রহমানসহ ২৩ জন নিহত ও বহু আহত হন। ওই সমাবেশে শেখ হাসিনার বক্তব্যের পরপরই হামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.