চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "নতুন একটি অধ্যাদেশ জারির মাধ্যমে সরকার শ্রম আইনের অধীনে চট্টগ্রাম ও মংলা বন্দরে একটি করে ট্রেড ইউনিয়ন গঠনের অনুমতি দিতে যাচ্ছে।" শনিবার এলজিআরডি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এই কথা বলেন।
চট্টগ্রামে বিজিএমইএ আয়োজিত রপ্তানিমুখী বস্ত্র ও পোশাক শিল্পের প্রদর্শনী কাফেক্সপো-০৮ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "এই অধ্যাদেশের মাধ্যমে সরকার ডক শ্রমিক পরিচালনা বোর্ডও বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।"
শ্রম আইনের আওতায় তিনটি ট্রেড ইউনিয়ন থাকার নিয়ম থাকলেও বন্দরে তা মানা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম বন্দরে ৩০টি ট্রেড ইউনিয়নের কার্যক্রম চালু ছিল। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি অবস্থা জারির পর থেকে বন্দরে সব ধরনের ট্রেড ইউনিয়ন কার্যক্রম বন্ধ রয়েছে।
পোশাক শিল্পসহ সবধরণের ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল রাখতে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বন্দরে গ্যান্ট্রি ক্রেন সংযোজনের ফলে আমদানিকৃত পণ্য খালাস ও রপ্তানি পণ্য পাঠানো দ্রুততর হওয়ায় জাহাজের গড় অবস্থানকাল ১০-১২ দিনের স্থলে তিনদিনে নেমে এসেছে।
তিনি বলেন, "রপ্তানীমুখী এ খাতকে আরও গতিশীল রাখতে মালিক-শ্রমিকের সম্পর্ক সহজ করতে হবে। বিশেষ করে কারখানার মধ্যম সারির ব্যবস্থাপক- শ্রমিকের সম্পর্কের উন্নতি ঘটাতে মালিকদের এগিয়ে আসতে হবে।"
গার্মেন্টস সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে মালিকদের পাশাপাশি সরকারও উদ্যোগী বলে তিনি জানান।
রপ্তানীমুখী তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে উপদেষ্টা বলেন, "অতীতের যেকোন সময়ের তুলনায় ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সম্পর্ক সুন্দর সহযোগিতামূলক। পারস্পরিক সমন্বয় এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, শুধুমাত্র বিজিএমইএ'র আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে এই নিয়ম কার্যকর হয়েছে। বিজিএমইএ'র সদস্য নয় এমন তৈরিপোশাক কারখানায় এই মজুরি বাস্তবায়ন করতে তিনি মালিকদের প্রতি আহবান জানান। অন্যথায় শ্রম অসন্তোষ বাড়বে বলে ্িতনি মত প্রকাশ করেন।
তিনি বলেন, "বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে টিকিয়ে রাখতে শ্রমিকের কাজের দক্ষতা এবং কারখানার পরিবেশ রক্ষার ওপর জোর দিতে হবে। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে রপ্তানিমুখী পোশাক শিল্প খাত বিশেষভাবে অবদান রাখছে।"
বিজিএমইএ'র সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম. মনজুর আলম অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি এম এ ছালাম স্বাগত বক্তব্য রাখেন।
বাণিজ্য সচিব বলেন, ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যকে অর্ধেকে নামিয়ে আনতে কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই। এজন্য শ্রমঘন তৈরিপোশাক শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, "গত জুলাই-আগস্টে গার্মেন্টস শিল্পে ধসের আশংকা দেখা দেয় তা কেটে গেছে এবং এই খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা গত বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী।"
বিজিএমইএ'র সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ তার বক্তব্যে তৈরিপোশাক খাতে অস্থিতিশীলতার জন্য দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধগতিকে দায়ী করেন। তিনি এ অস্থিতিশীলতা রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমএসবি/২৩০১ ঘ.
bdnews24